বিশ্বকাপ শুরুর আগেই তথ্য প্রতিমন্ত্রী ইয়াসেরের ‘গোল’

নামমাত্র খরচে বিটিভিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের জন্য ইতোমধ্যেই দিন গুনতে শুরু করেছেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী।  চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই মহাযজ্ঞকে ঘিরে বাংলাদেশেও চলছে ব্যাপক উন্মাদনা।  তবে কয়েক সপ্তাহ আগেও দেশের ফুটবলভক্তদের মধ্যে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা ছিল।  সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শুরুর আগেই যেন একটি গুরুত্বপূর্ণ ‘গোল’ করে ফেলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।  তার উদ্যোগে আগামী ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো নামমাত্র খরচে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।  অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, ফিফার সঙ্গে সরাসরি আলোচনায় সম্প্রচারস্বত্ব অর্জন; প্রায় ২০০ কোটি টাকার প্রস্তাব নাকচ করে ৩.৮৫ মিলিয়ন ডলারে চুক্তি, বিজ্ঞাপন ও স্বত্ব বিক্রি করেই উঠে আসবে অধিকাংশ অর্থ।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, অত্যন্ত স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে এবারের বিশ্বকাপ সম্প্রচারস্বত্বের চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।  ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার টাকা।

তবে জনগণের জন্য সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে, এই অর্থের প্রায় পুরোটা বিটিভিকে নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে না।  প্রতিমন্ত্রী বলেন, টেলিকম অপারেটর, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুসারে বিজ্ঞাপন ও সম্প্রচারস্বত্ব বিক্রির মাধ্যমে অধিকাংশ অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে।  ফলে নামমাত্র খরচেই দেশের মানুষ বিটিভিতে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের সময় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব নিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল।  ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল।  কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জনগণের অর্থের অপচয় রোধে সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি।

তিনি জানান, পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়।  এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে সম্পৃক্ত করা হয়। দীর্ঘ আলোচনা, দর-কষাকষি এবং একাধিক বৈঠকের মাধ্যমে শেষ পর্যন্ত গ্রহণযোগ্য মূল্যে সম্প্রচারস্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়।

প্রতিমন্ত্রীর ভাষ্য, ‘এটি শুধু একটি সম্প্রচার চুক্তি নয়, বরং দুর্নীতি ও অস্বচ্ছতার বিরুদ্ধে সততা, দক্ষতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার একটি বড় উদাহরণ।  সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য বিটিভিকে বিশ্বকাপ সম্প্রচারের অধিকার এনে দেওয়া সম্ভব হয়েছে।’

তিনি অতীতের একটি উদাহরণ তুলে ধরে বলেন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করা হয়েছিল।  সেই চুক্তির স্বচ্ছতা নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে বলে দেশের মানুষের মধ্যে আলোচনা আছে।

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর।  গত রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ফিফা থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের জন্য এই স্বত্ব কেনা হয়েছে।

২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে। ইতিহাসের প্রথমবারের মতো তিন দেশ যৌথভাবে আয়োজন করছে ফুটবলের এই মহাযজ্ঞ।

এখন অপেক্ষা শুধু মাঠের লড়াই শুরুর।  তবে বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজার আগেই সম্প্রচারস্বত্ব নিশ্চিত করে দেশের কোটি ফুটবলপ্রেমীর কাছে স্বস্তির বার্তা পৌঁছে দিতে পেরেছে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।