তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান: কখন, কোথায়, কী আয়োজন
খেলা ডেস্ক
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
ফিফা ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে মেগা ইভেন্টটি আয়োজন করতে যাচ্ছে। বহু নতুনত্বে মোড়ানো এবারের আসরে বিশ্ব ফুটবল দেখতে চলেছে এক ঐতিহাসিক ক্ষণ। প্রথমবারের মতো বিশ্বকাপের একাধিক উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে তিনটি পৃথক দেশ ও পৃথক দিনে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের এই ফুটবল মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানগুলোর সময়সূচি ও জমকালো আয়োজনের বিস্তারিত নিয়ে এই প্রতিবেদন।
আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ শুরুর ঠিক ৯০ মিনিট আগে অর্থাৎ রাত সাড়ে ১১টায় শুরু হবে বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের নেপথ্য কারিগর মার্কো বালিচের নির্দেশনায় এখানে মেক্সিকান সংস্কৃতি, আদিবাসী ও আধুনিক লোকজ ঐতিহ্য তুলে ধরা হবে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে কলম্বিয়ার পপস্টার শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় গাইবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই (চলো এগিয়ে যাই)’। এ ছাড়া মঞ্চ কাঁপাবেন মেক্সিকোর গ্র্যামিজয়ী পপ ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশিন, জে বালভিন, লিলা ডাউন্স এবং লস অ্যাঞ্জেলস আজুলস ব্যান্ড। এই ম্যাচে প্রথমবারের মতো স্কোয়াডের ২৬ জন সদস্যকেই জাতীয় সঙ্গীতের সময় মাঠে উপস্থিত থাকতে হবে এবং দুই দলের খেলোয়াড়রা বৃত্তাকার হয়ে মুখোমুখি দাঁড়াবেন।
কানাডায় বিশ্বকাপের পর্দা উঠবে আগামীকাল ১২ জুন। টরোন্টোতে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনা। ম্যাচ শুরুর আগের উদ্বোধনী আয়োজনে দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি ও নানা সম্প্রদায়ের জীবনযাত্রা তুলে ধরা হবে, যেখানে ফিফা বিশ্বকাপ ট্রফির মোজাইক-প্রেরণায় এক নতুন রূপায়ণ দেখানো হবে। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন কানাডীয় শিল্পী অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, উইলিয়াম ফ্রিন্স। এর পাশাপাশি লস অ্যাঞ্জেলসভিত্তিক বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়, ইলিয়েনা, জেসি রেইজ এবং বলিউড তারকা নোরা ফাতেহিও মঞ্চ মাতাবেন।
সবশেষে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী ১৩ জুন। লস অ্যাঞ্জেলসে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগের এই মেগা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন পপ গায়িকা ও গীতিকার ক্যাটি পেরি। এ ছাড়া এখানে দর্শকদের মাতিয়ে তুলতে পারফর্ম করবেন আটলান্টার র্যাপ তারকা ফিউচার (নেভাডিয়াস উইলবার্ন), আনিতা, লিসা, রেমা এবং টাইলা। তিন দেশের ভিন্ন সংস্কৃতি, আধুনিক পপ মিউজিক এবং ফুটবলের মেলবন্ধনে এবারের ২০২৬ বিশ্বকাপ শুরু হতেই এক অনন্য উন্মাদনা তৈরি করেছে বিশ্বজুড়ে।



