জয় পেলেই নকআউটে আর্জেন্টিনা, একাদশে একমাত্র পরিবর্তন

হ্যামস্ট্রিং চোটে মন্টিয়েল বাইরে; মোলিনাকে নিয়ে অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়নরা

ডেল্টা খেলা

ডেল্টা খেলা

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আজ ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে জয় পেলে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার।

প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্সের পরও একাদশে একটি পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তার জায়গায় ডান প্রান্তের ডিফেন্সে শুরু থেকেই খেলবেন নাহুয়েল মোলিনা।

এ ছাড়া বাকি একাদশ প্রায় অপরিবর্তিত রাখার পরিকল্পনা রয়েছে স্কালোনির। গোড়ালির চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ। তাকে শুরুর একাদশে নেওয়ার আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেসের বিবেচনায় আপাতত লাউতারো মার্তিনেজের ওপরই আস্থা রাখছেন আর্জেন্টিনা কোচ।

মিডফিল্ড ও আক্রমণভাগে থিয়াগো আলমাদা এবং নিকোলাস গঞ্জালেসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আলমাদাই এগিয়ে রয়েছেন। ফলে প্রথম ম্যাচের মতো এবারও তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

বাম প্রান্তে খেলবেন ফাকুন্দো মেদিনা। অন্যদিকে চোট থেকে সেরে উঠলেও নিকোলাস তাগলিয়াফিকোকে শুরু থেকেই মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে তাকে দেখা যেতে পারে।

অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকেও ম্যাচের কোনো এক পর্যায়ে ব্যবহার করতে পারেন স্কালোনি।

প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী ফুটবল খেলা আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষেও আক্রমণাত্মক কৌশলেই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। দলের প্রধান ভরসা লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে থাকবেন লাউতারো মার্তিনেজ।

সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; থিয়াগো আলমাদা (বা নিকোলাস গঞ্জালেস); লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।