ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল
খেলা ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৬
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে সারা বিশ্বের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। আর ব্রাজিলের ম্যাচ মানেই বাড়তি আগ্রহ ও উত্তেজনা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বাংলাদেশের দর্শকরা ঘরে বসেই টেলিভিশনে সরাসরি উপভোগ করতে পারবেন ম্যাচটি। বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন। ফলে এই তিনটি চ্যানেলের যেকোনো একটিতে দেখা যাবে ব্রাজিল-স্কটল্যান্ডের লড়াই।
শুধু টিভিই নয়, স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচ উপভোগের সুযোগ রয়েছে। এজন্য নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।
এদিকে দেশের বিভিন্ন এলাকায় বড় পর্দায়ও বিশ্বকাপের ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। ফলে বন্ধু ও পরিবারের সঙ্গে একসঙ্গে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল কেমন পারফরম্যান্স করে, সেদিকে নজর থাকবে কোটি কোটি সমর্থকের।



