বিশ্বকাপে আবারও বিতর্কে সিজার রামোস, হ্যাটট্রিকবঞ্চিত ভিনিসিয়ুস
খেলা ডেস্ক
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মেক্সিকান রেফারি সিজার রামোসের এক বিতর্কিত সিদ্ধান্ত, যার কারণে হ্যাটট্রিক থেকে বঞ্চিত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের ২২তম মিনিটে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রির ভুলের সুযোগ নিয়ে বল দখলে নেন ভিনিসিয়ুস। এরপর ডি-বক্সে ঢুকে দারুণ এক ফিনিশিংয়ে জালে বল পাঠান তিনি। কিন্তু ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে রেফারি সিজার রামোস গোলটি বাতিল করেন। তার মতে, বল দখলের সময় হেনড্রিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস।
রেফারির এই সিদ্ধান্তে ব্রাজিল শিবিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কোচিং স্টাফ ও খেলোয়াড়রা মাঠের পাশ থেকেই অসন্তোষ প্রকাশ করেন। ফুটবল বিশ্লেষকদের একাংশও গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
যদিও বিতর্কিত সিদ্ধান্তে একটি গোল হারান, তবুও ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিনিসিয়ুস। ম্যাচের সপ্তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। বাতিল হওয়া গোলটি গণনায় এলে বিশ্বকাপের মঞ্চে স্মরণীয় এক হ্যাটট্রিক পূর্ণ হতো তার।
বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচে সিজার রামোসকে ঘিরে বিতর্কের ঘটনা নতুন নয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তার একাধিক সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়েছিল। সেই ম্যাচে সুইজারল্যান্ডের সমতাসূচক গোলের আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ধাক্কা দেওয়ার অভিযোগ থাকলেও তিনি তা আমলে নেননি। এছাড়া গ্যাব্রিয়েল জেসুসকে পেনাল্টি বক্সে ফাউল করা হলেও পেনাল্টি দেননি।
সেই ঘটনার পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছিল। ফলে ২০২৬ বিশ্বকাপেও রামোসের বিতর্কিত সিদ্ধান্ত নতুন করে ব্রাজিলিয়ান সমর্থকদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।



