চীনের আকাশচুম্বী ভবনে বিমান দুর্ঘটনা, ঘিরে ফেলল পুলিশ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬
চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ তলা বিশিষ্ট সিআইটিআইসি (CITIC) টাওয়ারে একটি ছোট আকারের স্পোর্টস বিমান আঘাত হেনেছে। ঘটনার পরপরই ভবনটি থেকে লোকজনকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের ওপর থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া ঘটনাস্থলে বিমানের লেজের একটি অংশ এবং ক্ষতিগ্রস্ত একটি ট্যাক্সিক্যাবও দেখা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি স্থানীয় শিফোসি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। নির্ধারিত রুটে চলার সময় বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটে এটি পথচ্যুত হয়ে সিআইটিআইসি টাওয়ারে আঘাত হানে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি বেইজিংয়ের ইস্ট ফিফথ রিং রোড পর্যন্ত স্বাভাবিকভাবে চলছিল। এরপর হঠাৎ করেই এর অবস্থান শনাক্তের সংকেত হারিয়ে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিমানটিতে একজন আরোহী ছিলেন। তবে এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়েছেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ঘটনাস্থলের কাছে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি একটি বিকট বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান। যদিও দুর্ঘটনার মুহূর্তটি তিনি সরাসরি দেখেননি।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সিআইটিআইসি টাওয়ারের আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ভবনের আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয় এবং সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। পাশাপাশি কয়েকটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়।
চীনা কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। বিমানটি কীভাবে নির্ধারিত পথ থেকে সরে গিয়ে ভবনে আঘাত করল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।



