বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজে টোল বসাতে চায় ইরান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি থেকে বছরে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার আয় করার পরিকল্পনা করছে ইরান। এ লক্ষ্যে প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনায় চীন ও উপসাগরীয় কয়েকটি দেশকে সম্পৃক্ত করার প্রস্তাবও দিয়েছে তেহরান।
ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায়ের সম্ভাবনা দেখছে ইরান।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের দারদানেলস প্রণালির কর ও প্রশাসনিক কাঠামোকে অনুসরণ করে হরমুজে নতুন ব্যবস্থাপনা গড়ে তোলার কথা ভাবছে তেহরান। পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নিরাপত্তা ও সম্ভাব্য আয় ভাগাভাগির বিষয়েও আলোচনা চলছে।
এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সামরিক উত্তেজনার সময় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল ইরান। সে সময় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয় এবং বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ দেখা দেয়।
পরে জুন মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরের পর আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়। ওই সমঝোতা অনুযায়ী, আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুসরণ করে প্রণালিটির প্রশাসনিক কাঠামো নিয়ে ইরান ও ওমান আলোচনা করবে।
তবে হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি আরোপের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলো সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানকে কোনো অবস্থাতেই আন্তর্জাতিক নৌপথে একতরফাভাবে টোল আরোপ করতে দেওয়া হবে না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের পরিকল্পনার বিরোধিতা করে দাবি করেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে কোনো টোল, অতিরিক্ত বীমা ব্যয় বা অন্য কোনো অর্থ আদায় করা হবে না।
তবে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ভবিষ্যতে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিরাপত্তা কাঠামোকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক মডেল তৈরির বিষয়ে ইরান আবারও আলোচনা এগিয়ে নিচ্ছে, যা আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।



