তীব্র নিন্দা মানামার
বাহরাইনে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই আবারও উত্তেজনা বেড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। শনিবার (২৭ জুন) ভোরে দেশটির আকাশসীমায় একাধিক ড্রোন প্রবেশ করে হামলা চালানোর দাবি করেছে মানামা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে আল আরাবিয়া জানিয়েছে, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের ‘গুরুতর ও নগ্ন লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে বলেও জানিয়েছে দেশটি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের একাধিক ড্রোন বাহরাইনের আকাশসীমা লঙ্ঘন করে দেশের ভেতরে আঘাত হানে, যা বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান কিংবা হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বাহরাইন এই হামলার জন্য সরাসরি তেহরানকে দায়ী করে বলেছে, এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান শান্তি উদ্যোগকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে।
এর আগে ইরান জানিয়েছিল, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যদিও কোন কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান।
এর আগে হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগের পর যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র ও রাডার স্থাপনায় বিমান হামলা চালায়। বিশ্লেষকদের মতে, বাহরাইনে চালানো এই ড্রোন হামলা সেই মার্কিন অভিযানেরই পাল্টা জবাব। বাহরাইনেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি অবস্থিত।



