রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, দেশটির তৈরি ‘ফ্লেমিঙ্গো এফপি-৫’ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক শিল্প স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ভোরে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে অবস্থিত ‘ফেডারেল রিসার্চ অ্যান্ড প্রোডাকশন সেন্টার টাইটান-বারিকাদি’ লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলেনস্কির দাবি, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি রাশিয়ার অন্যতম বড় সামরিক শিল্প কমপ্লেক্স, যেখানে কামান ব্যবস্থা, বিশেষায়িত সামরিক সরঞ্জাম এবং ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হয়।
রাশিয়ার অন্যতম প্রধান সামরিক উৎপাদনকারী প্রতিষ্ঠান টাইটান-বারিকাদি দেশটির মহাকাশ সংস্থা রসকসমসের অংশ। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার, ভারী কামান, নৌবাহিনীর কামান এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
এদিকে ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ জানিয়েছেন, ইউক্রেনের হামলায় ক্রাসনোওকতিয়াব্রস্কি জেলার একটি শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করলেও টাইটান-বারিকাদি কারখানাটি ওই এলাকাতেই অবস্থিত।
বোচারভের দাবি, হামলায় ১০ জন আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আশপাশের কোনো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই রাতে দেশটির ১০টি অঞ্চল ও অধিকৃত ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের ১৭৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ভলগোগ্রাদে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ দাবি করেছে, একই রাতে অধিকৃত ক্রিমিয়ার ফেওদোসিয়ায় একটি প্যান্টসির-এস১ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কের্চের কাছে পেত্রোপাভলোভস্ক গাড়িবাহী ফেরিতেও হামলা চালানো হয়েছে।
সূত্র: কিয়েভ ইন্টারন্যাশনাল



