আগামী বছরের শুরুতে ভারত সফরে যেতে পারেন ট্রাম্প

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬

আগামী বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর আয়োজনের লক্ষ্যে কাজ করছে ওয়াশিংটন। এমন তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ট্রাম্পের সম্ভাব্য ভারত সফরের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। সফরের প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছর তিনি নিজেও ভারত সফর করতে পারেন বলে জানান।

রুবিও বলেন, “আগামী বছরের প্রথমদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারতে আনার জন্য আমরা কাজ করছি।”

গত সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠক করেন। বৈঠক শেষে ট্রাম্প জানান, দুই নেতার মধ্যে “খুব ভালো আলোচনা” হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরেই ট্রাম্পের সম্ভাব্য ভারত সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে নয়াদিল্লি। সম্ভাব্য এই সফরটি জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া একটি আঞ্চলিক বৈঠকের সঙ্গেও যুক্ত হতে পারে।

গত এক বছরে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। রাশিয়া থেকে তেল আমদানির কারণে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। একই সময়ে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও জোরদার হয়।

তবে বর্তমানে দুই দেশই সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী। মার্কো রুবিও বলেন, বাণিজ্য চুক্তির আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে অগ্রগতি অত্যন্ত ইতিবাচক।

সূত্র: আইএএনএস, রয়টার্স