বাংলাদেশের ফুটবল উন্মাদনায় মুগ্ধ আলিসন বেকার
খেলা ডেস্ক
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবলপ্রেমী সমর্থকদের উচ্ছ্বাসে আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে দেশটি। আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতি বাংলাদেশিদের অকৃত্রিম সমর্থন এবার ছুঁয়ে গেছে ব্রাজিল জাতীয় দলের গোলরক্ষক আলিসন বেকারকে।
জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নেওয়ার পর টি স্পোর্টসের সঙ্গে কথা বলেন ব্রাজিলের এই তারকা গোলরক্ষক। বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি অনেক উদযাপনের ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য কৃতজ্ঞ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।”
এর আগে একই ম্যাচ শেষে ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরোও বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন ব্রাজিল দলের জন্য অনুপ্রেরণার উৎস।
বাংলাদেশিদের ফুটবল উন্মাদনা নিয়ে এর আগেও প্রশংসা করেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। জর্ডানের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, “আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। সেখানে গিয়ে দেখেছি মানুষ আমাদের জন্য কতটা উন্মাদ। বাংলাদেশের সবার জন্য আমার অনেক ভালোবাসা।”
বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থকের কারণে বিশ্বকাপ এলেই উৎসবের আমেজ তৈরি হয়। পতাকা, শোভাযাত্রা, বড় পর্দায় খেলা দেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপনের নানা দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমেও নিয়মিত স্থান পাচ্ছে।
বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরি কোস্ট। অন্যদিকে শেষ ৩২-এর ম্যাচে আগামী ৪ জুলাই কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।



