আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে এগিয়ে? কী বলছে এআই

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি—তা নিয়ে বিশ্লেষণ দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। এই ম্যাচের বিজয়ী দল নিশ্চিত করবে শেষ ষোলোতে জায়গা।

বিভিন্ন এআই মডেল ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, ম্যাচটিতে স্পষ্ট ফেবারিট বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সাম্প্রতিক পারফরম্যান্স, দলীয় শক্তি, খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং পরিসংখ্যান বিবেচনায় আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮০ থেকে ৮৫ শতাংশ বলে ধরা হয়েছে।

অন্যদিকে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ১০ শতাংশেরও কম বলে অনুমান করা হয়েছে। সম্ভাব্য স্কোরলাইন হিসেবে সবচেয়ে বেশি উঠে এসেছে ২-০ ব্যবধানে আর্জেন্টিনার জয়। এছাড়া ৩-০ কিংবা ২-১ ব্যবধানেও আর্জেন্টিনা জিততে পারে বলে পূর্বাভাস দিয়েছে এআই।

গোলদাতাদের সম্ভাব্য তালিকায় এগিয়ে রয়েছেন লিওনেল মেসি। পাশাপাশি আর্জেন্টিনার আক্রমণভাগের আরও কয়েকজন খেলোয়াড়ের গোল করার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে এআইয়ের বিশ্লেষণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কেপ ভার্দেকে হালকাভাবে দেখার সুযোগ নেই। বিশ্বকাপে অভিষেক আসরেই দলটি নকআউট পর্বে উঠে চমক দেখিয়েছে। শক্তিশালী রক্ষণভাগ এবং দ্রুত পাল্টা আক্রমণের সক্ষমতার কারণে তারা যেকোনো প্রতিপক্ষের জন্যই কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এআই আরও মনে করিয়ে দিয়েছে, সম্ভাবনার হিসাব সব সময় মাঠের ফল নির্ধারণ করে না। ফুটবলের ইতিহাসে বহুবার শক্তিশালী দলকে হারিয়ে অঘটন ঘটিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল। তাই শেষ পর্যন্ত মাঠের লড়াইই বলে দেবে, ফেবারিট আর্জেন্টিনা জিতবে নাকি নতুন এক রূপকথা লিখবে কেপ ভার্দে।

উল্লেখ্য, এআইয়ের আগে অপটা সুপারকম্পিউটার এবং ঘানার এক তান্ত্রিকও এই ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে নিজস্ব পূর্বাভাস দিয়েছেন।