সৌদি আরবের বড় ঘোষণা! বাংলাদেশিদের জন্য ৪৮ ঘণ্টায় ই-ভিসা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬
বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থার ফলে পর্যটন ভিসার জন্য আর আলাদাভাবে দূতাবাসে গিয়ে আবেদন করতে হবে না। অনুমোদিত ভ্রমণ সংস্থার মাধ্যমে একটি বুকিং করলেই একসঙ্গে বিমান টিকিট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক পর্যটক ভিসা (e-Visa) পাওয়া যাবে।
গালফ নিউজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও দেশকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
নতুন ব্যবস্থায় অনুমোদিত ভ্রমণ সংস্থার মাধ্যমে বুকিং সম্পন্ন হওয়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করা হবে। এরপর আবেদনকারীর ই-মেইলে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে Reserval ও Almosafer নামে দুটি অনুমোদিত ভ্রমণসেবা প্রতিষ্ঠান এই সুবিধা দিচ্ছে।
নতুন এই পর্যটন ভিসার মেয়াদ হবে তিন মাস। এ ভিসায় একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।
প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর অতিরিক্ত প্রতিদিনের জন্য আরও ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। এছাড়া ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, বিনোদন বা পর্যটন কার্যক্রমের টিকিটও যুক্ত করতে পারবেন।
তবে এই প্যাকেজে মক্কা ও মদিনায় ওমরাহ পালনের কোনো সেবা অন্তর্ভুক্ত নয়। যদিও এই ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের পর মক্কা, মদিনাসহ দেশটির বিভিন্ন স্থানে ভ্রমণ করা যাবে। ওমরাহ পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত পৃথক নিয়ম অনুসরণ করতে হবে।
এদিকে, ফ্লাইট বা আবাসনের বুকিং বাতিল হলে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ভ্রমণসেবা প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশসহ অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত হবে বলে আশা করা হচ্ছে।



