ভারতের নতুন পর্যটন গন্তব্য!

ঝরনা, জঙ্গল আর পাহাড়ে ঘেরা সেঁওয়াতি, নজর কাড়ছে পর্যটকদের

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদা ব্লকের সেঁওয়াতি পাহাড় ধীরে ধীরে পর্যটনের নতুন সম্ভাবনাময় গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে। ছোট ছোট পাহাড়ি টিলা, ঘন সবুজ বন, ঝরনার কলকল ধ্বনি এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যে ভরপুর এই অঞ্চল প্রকৃতিপ্রেমীদের জন্য হতে পারে এক আকর্ষণীয় ভ্রমণস্থল।

দিনের বেলায় পাখির কিচিরমিচির আর সন্ধ্যা নামলে বন্যপ্রাণীর ডাক—সব মিলিয়ে সেঁওয়াতি পাহাড়ের পরিবেশ এক ভিন্ন অভিজ্ঞতা দেয়। বনাঞ্চলটিতে হাতি, চিতাবাঘ ও ভল্লুকসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাস রয়েছে, যা এলাকাটির পরিবেশগত গুরুত্ব আরও বাড়িয়েছে।

সম্প্রতি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, মহকুমাশাসক, বিডিও এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেঁওয়াতি পাহাড় পরিদর্শন করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকাটিকে পর্যটনের আওতায় আনার বিষয়ে ইতিবাচকভাবে ভাবা হচ্ছে।

পরিদর্শনের সময় কর্মকর্তারা ঝালদা বনাঞ্চলের কলমা বিটের সেঁওয়াতি পাহাড় এবং কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের কাড়িয়র জঙ্গল ঘুরে দেখেন। বন বিভাগ জানায়, এলাকায় জনবসতি খুবই কম হওয়ায় পাহাড় ও বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য এখনো অনেকটাই অক্ষুণ্ণ রয়েছে।

যদিও পরিদর্শন শেষে প্রশাসন বা বন বিভাগ আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবে স্থানীয়দের আশা—এখানে পর্যটন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে পুরুলিয়া জেলায় কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে সেঁওয়াতি পাহাড় ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা ও পর্যটন সংশ্লিষ্টরা।