রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬
রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয়ায় পরিচালনার জন্য কমিটির গঠন, কার্যপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিটি জেলা কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির সদস্য হিসেবে থাকবেন পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর (পিপি)। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মহানগর এলাকার ক্ষেত্রে পুলিশ সুপারের পরিবর্তে পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) এবং পাবলিক প্রসিকিউটরের পরিবর্তে মহানগর পাবলিক প্রসিকিউটর কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন সংশ্লিষ্ট মামলার আসামি অথবা তার পিতা, মাতা, স্ত্রী, স্বামী, ভাই, বোন, ছেলে কিংবা মেয়ের যেকোনো একজন সব আসামির পক্ষে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করতে পারবেন।
আবেদনের সঙ্গে মামলাসংক্রান্ত প্রয়োজনীয় সব নথির আইনজীবী কর্তৃক সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এসব নথি পর্যালোচনা করে জেলা কমিটি মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই প্রজ্ঞাপন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গত ২১ মে জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে। নতুন বিধান অবিলম্বে কার্যকর হয়েছে।
সরকারের মতে, রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের মাধ্যমে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করাই এই কমিটি গঠনের মূল উদ্দেশ্য।



