বিদেশ ভ্রমণ আরও সহজ, বাংলাদেশি টাকায় প্যাকেজ বিক্রির অনুমতি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

বিদেশ ভ্রমণের প্যাকেজ কিনতে এখন থেকে সরাসরি বৈদেশিক মুদ্রা সংগ্রহের ঝামেলা কিছুটা কমছে। বাংলাদেশি টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৯ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নিবন্ধিত সদস্য ট্যুর অপারেটররা ভ্রমণকারীদের কাছ থেকে বাংলাদেশি টাকায় অর্থ নিয়ে বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রি করতে পারবেন।

পরে ওই অর্থের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যাংকের মাধ্যমে বিদেশে সংশ্লিষ্ট সেবাদাতাদের কাছে পাঠানো যাবে। এ ক্ষেত্রে ট্যুর অপারেটরের সঙ্গে বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির বৈধ চুক্তি বা ব্যবসায়িক সমঝোতা থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে আবাসন, পরিবহনসহ প্রকৃত ভ্রমণসেবার বিপরীতে বিদেশে অর্থ পাঠানো যাবে।

তবে এ সুবিধার আওতায় নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে একজন ভ্রমণকারীর জন্য বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এ জন্য সংশ্লিষ্ট ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে।

এ ছাড়া ভ্রমণকারীর কাছ থেকে লিখিত ঘোষণা নিতে হবে যে, অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে তিনি নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা ব্যবহার করেননি।

তবে ৩ হাজার ডলারের বেশি মূল্যের বিদেশ ভ্রমণ প্যাকেজও কেনা যাবে। সেক্ষেত্রে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় মূল্য পরিশোধ করতে হবে।

ব্যাংকগুলোকে বিদেশে অর্থ পাঠানোর আগে ইনভয়েস, চুক্তি, ভ্রমণসূচি, যাত্রী তালিকা এবং অর্থ গ্রহণের প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে।

পর্যটন খাতের উদ্যোক্তারা মনে করছেন, বাংলাদেশি টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ চালু হওয়ায় ভ্রমণকারীদের লেনদেন আরও সহজ হবে। একই সঙ্গে দেশের আউটবাউন্ড ট্যুরিজম খাতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।