বাংলাদেশের সামনে ১৩৯ বছরের অজেয় ইতিহাস ভাঙার সুযোগ
খেলা ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে পাওয়া সেই অবিশ্বাস্য জয়ের পর এবার আরও বড় কীর্তির হাতছানি টাইগারদের সামনে। ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিততে পারলে অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে টেস্ট সিরিজে ধবলধোলাই করার বিরল কীর্তি গড়বে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমেই প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনের সেই জয় শুধু সিরিজে এগিয়ে যাওয়াই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আত্মবিশ্বাসও বাড়িয়েছে। এখন দ্বিতীয় টেস্টে জয় পেলেই দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে বাংলাদেশ।
সেটি হলে তৈরি হবে ১৩৯ বছরের পুরোনো এক ইতিহাস। অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে সর্বশেষ কোনো টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল ১৮৮৭ সালে। সেবার দুই ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। দুটি টেস্টই হয়েছিল সিডনিতে। প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৩ রানে, দ্বিতীয়টি ৭১ রানে।
এরপর থেকে ঘরের মাঠে একাধিক ম্যাচের ১১০টি টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। কিন্তু কোনো সিরিজেই আর ধবলধোলাইয়ের মুখে পড়তে হয়নি তাদের। অর্থাৎ ১৩৯ বছর ধরে নিজেদের মাটিতে দুই ম্যাচ বা তার বেশি টেস্টের কোনো সিরিজে ০-২ ব্যবধানে হারেনি অস্ট্রেলিয়া।
বাংলাদেশের সামনে এখন সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ।
অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার স্বাদ ইতিমধ্যেই পেয়ে গেছে বাংলাদেশ। ডারউইনের প্রথম টেস্টে জয় নিশ্চিত করার পর সিরিজ হারার আর কোনো শঙ্কা নেই। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জিতলে সিরিজ ১-১ ব্যবধানে শেষ হবে। আর বাংলাদেশ জিতলে শুধু সিরিজ জয় নয়, অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ১৩৯ বছরের বিরল রেকর্ডও ভেঙে যাবে।
সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার আধিপত্যও এই অর্জনের কঠিনতাকে স্পষ্ট করে। গত ১০ বছরে ঘরের মাঠে তারা মাত্র দুটি টেস্ট সিরিজ হেরেছে—দুটিই ভারতের বিপক্ষে। ২০১৮ ও ২০২০ সালে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল। এ ছাড়া ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ব্রিসবেন টেস্টে হেরে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছিল অস্ট্রেলিয়া।
তাই ম্যাকাইয়ে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা সহজ নয়। তবে ডারউইনে প্রথম টেস্টে জয় প্রমাণ করেছে, অস্ট্রেলিয়ার মাটিতেও বাংলাদেশ এখন বড় দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য রাখে।
ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে জয় পেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যোগ হবে আরও একটি অবিস্মরণীয় অধ্যায়। ১৩৯ বছর ধরে যে কীর্তি অস্ট্রেলিয়ার ঘরের মাঠে কেউ করতে পারেনি, সেটিই করার সুযোগ এখন বাংলাদেশের সামনে।



