এ বছর হচ্ছে না বিপিএল: তামিম
খেলা ডেস্ক
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে না; টুর্নামেন্টকে আরও গোছানো ও লাভজনকভাবে আয়োজনের জন্য সময় নিতে চায় বোর্ড।
বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা দিতে গিয়ে বিপিএল নিয়ে এ তথ্য জানান বিসিবির সভাপতি তামিম ইকবাল।
এ বছর বিপিএল হবে কি না—এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হবে না।’
বিপিএলের নির্ধারিত সময়ে বিকল্প কোনো আয়োজন করা যায় কি না, সে বিষয়ে বিসিবি কাজ করছে বলে জানান তিনি। তামিম বলেন, ‘আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি। যখন ৬০-৭০ শতাংশ কাজ হয়ে যাবে, তখন আমি ঘোষণা দেব আমাদের ঘরোয়া ক্যালেন্ডারটা আমরা কীভাবে সাজাচ্ছি। এটা বেশ আলাদা ও রোমাঞ্চকর হবে।’
বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবি আর লোকসান দিতে রাজি নয় বলেও স্পষ্ট করেছেন তামিম। তাঁর দাবি, গত দুই বছরে বিপিএল থেকে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে।
তিনি বলেন, ‘সমস্যা হলো, যদি কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বা কমপ্লায়েন্স পূরণ না করে, তবে বিসিবিকে সেই দলের দায়িত্ব নিতে হয়। গত দুই বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকার মতো লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে তো বিসিবির লাভ করার কথা, লোকসান নয়।’
তামিম আরও বলেন, এসব সমস্যার সমাধান না করে লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছে না বিসিবি।
তবে বিপিএল পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না বলে জানান বিসিবি সভাপতি। ভালোভাবে আয়োজনের জন্য প্রয়োজনে ছয় মাস বা এক বছর সময় নিতেও প্রস্তুত তিনি।
তামিম বলেন, ‘আমাদের ইনটেনশন ১০০০ শতাংশ আছে বিপিএল করার। কিন্তু আমি তাড়াহুড়া করতে চাই না। ঠিকঠাক মতো করতে চাই, তাতে যদি ৬ মাস বা ১২ মাস সময় লাগে, আমি নেব।’
এদিকে বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি হবে বলেও স্বীকার করেন তামিম। তবে এ বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা হয়েছে এবং তাঁরাও টুর্নামেন্টটি আরও ভালোভাবে আয়োজনের প্রয়োজনীয়তা বুঝতে পারছেন বলে জানান তিনি।
তামিম বলেন, ‘আমি খেলোয়াড় থাকলে নিজেও হতাশ হতাম। তাদের আর্থিক ক্ষতি হবে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু তারাও বোঝে যে এই টুর্নামেন্টটা এমন হওয়া উচিত, যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে।’
বিসিবি সভাপতি বলেন, গত কয়েক বছরে বিপিএলের আয়োজন নিয়ে গর্ব করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে বিপিএল একটি বড় ক্রিকেটীয় পণ্য এবং এ নিয়ে দর্শক-সমর্থকদের ব্যাপক আগ্রহ রয়েছে। টুর্নামেন্টটি সঠিকভাবে আয়োজন করা গেলে এই আগ্রহ আরও বাড়বে।



