বেঙ্গালুরুতে আটক ৩১ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে পাঠানো হলো

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

ভারতের বেঙ্গালুরুতে পুলিশের অভিযানে আটক ৩১ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গের মালদা জেলায় পাঠানো হয়েছে। গত ১ সেপ্টেম্বর রাতে বিশেষ নিরাপত্তায় তাদের মালদা টাউন স্টেশনে নেওয়া হয়। পরে স্থানীয় পুলিশ তাদের একটি হোল্ডিং সেন্টারে স্থানান্তর করে।

কর্ণাটক পুলিশ জানিয়েছে, প্রায় তিন মাস আগে বেঙ্গালুরুতে বিশেষ অভিযান চালিয়ে এসব বাংলাদেশিকে আটক করা হয়। ‘অপারেশন মুক্ত’ নামে পরিচালিত ওই অভিযানে মোট ২ হাজার ৯৪৪ জনের নথি যাচাই করা হয়। এর মধ্যে ১০৫ জনকে সন্দেহভাজন বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয় এবং ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বৈধ নথি ছাড়াই পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে কাজের সন্ধানে তারা বেঙ্গালুরুতে যান। গ্রেপ্তারের পর তাদের বেঙ্গালুরুর একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মালদায় পাঠানো হয়েছে।

ট্রেনে করে মালদায় নেওয়ার সময় ২০ জন কর্ণাটক পুলিশের সদস্য বিশেষ নিরাপত্তায় তাদের পাহারা দেন। মালদা টাউন স্টেশনে পৌঁছানোর পর স্থানীয় পুলিশ তাদের হোল্ডিং সেন্টারে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। পরে বিএসএফের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সময়ে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

এদিকে গত মে মাসে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর রাজ্যটিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদারের কথা বলা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় আটক ব্যক্তিদের অস্থায়ীভাবে রাখার জন্য হোল্ডিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অনুপ্রবেশের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছেন।