বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা সহজ করার আহ্বান

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এতে দুই দেশের মধ্যে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে যোগাযোগ আরো বাড়বে বলে মনে করেন তিনি।

গত ৯ সেপ্টেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইন্দোনেশিয়াকে বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য ও সেবা আমদানির আহ্বান জানান হুমায়ুন কবির। তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর ও বহুমুখী হবে। বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে ভবিষ্যতে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা)-এর দিকে এগিয়ে নিতে প্রস্তুত।

বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা প্রক্রিয়া সহজ করার ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি মনে করেন, ভিসা প্রক্রিয়া সহজ হলে দুই দেশের মধ্যে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরো বৃদ্ধি পাবে।

জবাবে রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখীকরণে ইন্দোনেশিয়ার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে ওষুধসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন তিনি।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ ও ইন্দোনেশিয়া উভয়ই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকায় এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন হুমায়ুন কবির। রাষ্ট্রদূত লিস্টিওয়াতি দুর্যোগ ব্যবস্থাপনায় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সর্বোত্তম পদ্ধতি ভাগাভাগি এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষা এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ যোগদানের প্রচেষ্টায় ইন্দোনেশিয়ার সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বাংলাদেশের এসব গুরুত্বপূর্ণ উদ্যোগে ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।