ভিসা জটিলতা নিরসনে আমিরাতের আইন মেনে চলার আহ্বান

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। একই সাথে প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবি বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ভিসা বাতিল, ভিসা-সংক্রান্ত জটিলতা, নতুন ভিসা চালু এবং ভিসা ট্রান্সফারসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় গিয়াস কাদের চৌধুরী বলেন, অতীতে নানা সীমাবদ্ধতার কারণে প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা; তাদের কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, প্রবাসীদের সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে দূতাবাস নিরলসভাবে কাজ করছে। ভিসা-সংক্রান্ত সেবা দ্রুততর করার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে এ বিষয়ে চলমান কূটনৈতিক আলোচনা আরও জোরদার করা হয়েছে।

বৈঠক শেষে প্রবাসীদের কল্যাণ, ঐক্য ও দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সাথে সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, প্রবাসীদের ভিসা-সংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দ্রুত ইতিবাচক ফল পাওয়ার আশাবাদও ব্যক্ত করা হয়।

এ সময় উদীয়মান রাজনীতিবিদ সাকের কাদের চৌধুরী, হাজি সরাফত আলী, আলহাজ ইয়াকুব সৈনিক, জাকির হোসেন খতিব, নাঈম উদ্দিন টিপু, নজরুল ইসলাম সিআইপি, মোরশেদুল আলম সিআইপি, হাজি জসিম উদ্দিন, মো. আজিম উদ্দিন, মোহাম্মদ নুরুন্নবী, সিরাজুল ইসলাম নবাব, এম এনাম হোসেন, সরোয়ার আলম ভুট্টো, এস এম দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন, সাইফ তারেক, জিয়াউদ্দিন বাবলু, মো. হোসেন, মোহাম্মদ বাবলুসহ আবুধাবি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।