কাজের ভিসা চূড়ান্ত হওয়ার আগেই পরিবার নিতে পারবেন সৌদিতে
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬
সৌদি আরবে বসবাস ও কাজের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ চালু করেছে দেশটির সরকার। এখন থেকে যোগ্য বিদেশি কর্মীরা নিজেদের কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নির্দিষ্ট পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন।
নতুন ব্যবস্থায় যোগ্য বিদেশি কর্মীরা তাঁদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থার ফলে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় সহজ হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় বিদেশি কর্মীর নিজের ওয়ার্ক ভিসার আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই যোগ্য পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসা দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ পরিবারকে সৌদিতে আনার প্রক্রিয়া শুরু করতে কর্মীকে নিজের ওয়ার্ক ভিসা চূড়ান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, পরিবারের সদস্যরা সৌদিতে প্রবেশের পর দেশটির বিদ্যমান আইন ও প্রশাসনিক বিধি অনুযায়ী তাঁদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতিপত্র দেওয়া হবে।



