ঢাকার পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে উচ্চপর্যায়ের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যানবাহন খাতে বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনার নানা দিক, সড়ক নিরাপত্তা জোরদার এবং পরিবহন খাতের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, রুট ব্যবস্থাপনা, যাত্রীসেবার মান উন্নয়ন, সড়ক শৃঙ্খলা এবং দুর্ঘটনা কমাতে করণীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরে ঢাকার গণপরিবহন খাতে অনিয়ম, অব্যবস্থাপনা ও সড়ক বিশৃঙ্খলা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।



