বিমানে আটক ককরোচ পার্টির তিন নেতা, কোথায় নেওয়া হলো তাঁদের
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলটির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে দিল্লি পৌঁছানোর পর শনিবার (১০ অক্টোবর) বিমান থেকেই তাঁদের আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিন নেতাকে পৃথক স্থানে নিয়ে গেছে পুলিশ। অভিজিৎ দীপকেকে গুরগাঁওয়ের একটি আটককেন্দ্রে নেওয়া হয়েছে। অন্যদিকে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লির পৃথক দুটি স্থানে রাখা হয়েছে।
মুম্বাই থেকে আসা তাঁদের উড়োজাহাজ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করেন। উড়োজাহাজের ভেতরে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, নারী পুলিশ সদস্যরা তিন নেতাকে আটক করছেন।
ভিডিওতে অভিজিৎ দীপকেকে বলতে শোনা যায়, ‘আমি এখানে গ্রেপ্তার হতেই এসেছি। আমাকে গ্রেপ্তার করুন। আমি আপনাদের ভয় পাই না।’
জবাবে এক পুলিশ সদস্য বলেন, ‘এটি গ্রেপ্তার নয়। স্যার, দয়া করে সহযোগিতা করুন।’ এরপর দীপকে তাঁর ব্যাগ নেওয়ার অনুরোধ করেন।
এ ঘটনায় ককরোচ জনতা পার্টি পুলিশের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। দলটির অভিযোগ, বিক্ষোভ শুরুর আগেই নেতৃত্বকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে তাঁদের আটক করা হয়েছে। দলটি তিন নেতার মুক্তিও দাবি করেছে।
বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়াকড়ি
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। ভোটার তালিকা সংশোধন ও ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। তবে দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
বিক্ষোভ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এনডিটিভির তথ্য অনুযায়ী, বিভিন্ন এলাকা থেকে চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ৪৫টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা এবং একাধিক ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপের খবর পাওয়া গেছে।
এর আগে ইউটিউবার ধ্রুব রাঠীকেও গুরগাঁওয়ের বাসা থেকে আটক করা হয়। বিক্ষোভে যোগ দেওয়ার পরিকল্পনা করা আরও কয়েকজনের বিরুদ্ধেও পুলিশের পদক্ষেপের খবর প্রকাশিত হয়েছে।
সূত্র: এনডিটিভি, রয়টার্স।



