বাবাকে ভিডিও কলে নির্যাতনের কথা, কিছুক্ষণ পরই বর্ষার মৃত্যুর খবর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

স্বামীর নির্যাতন থেকে বাঁচতে গভীর রাতে বাবাকে ভিডিও কল করে সাহায্য চেয়েছিলেন জুমরাতুন নেছা বর্ষা (২৪)। কান্নাজড়িত কণ্ঠে তাঁকে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। এমনকি তাঁকে নিয়ে না গেলে মেরে ফেলা হবে বলেও জানান। কিছুক্ষণ পর ভিডিও কল বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়ের খোঁজ নিতে গিয়ে বাসার সামনে অ্যাম্বুলেন্স দেখতে পান মা-বাবা। পরে হাসপাতালে গিয়ে জানতে পারেন, বর্ষা আর বেঁচে নেই।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর মণিপুরিপাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে। বর্ষাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর বাবা শেখ মনোয়ার হোসেন তেজগাঁও থানায় হত্যা মামলা করেছেন।

বর্ষার চাচা শেখ জাকির হোসেনের ভাষ্য, ভালোবেসে এক বছর আগে নাবিদ হোসাইনের সঙ্গে বর্ষার বিয়ে হয়। নাবিদ কোনো কাজ করতেন না। বিয়ের পর থেকে ব্যবসা ও মোটরসাইকেল কেনার কথা বলে শ্বশুরের কাছে টাকা চাইতেন। টাকা দেওয়া নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং বর্ষাকে মারধর করা হতো। এর আগে মারধরের শিকার হয়ে তাঁকে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছিল।

ঘটনার রাতে আবারও টাকা চাওয়া নিয়ে বর্ষাকে মারধর করা হয় বলে অভিযোগ স্বজনদের। নির্যাতন সহ্য করতে না পেরে রাত ১২টার দিকে বাবাকে ভিডিও কল করেন তিনি। পরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে মা-বাবা তাঁর বাসায় যান। সেখানে অ্যাম্বুলেন্স দেখে তাঁরা জানতে পারেন, বর্ষাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান জানান, যৌতুকের দাবিতে বর্ষাকে মারধর করা হতো বলে অভিযোগ রয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় স্বামী নাবিদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

বর্ষার স্বজনদের আরও অভিযোগ, তাঁর বাবা কয়েকবার টাকা দিলেও পরে টাকা দেওয়া বন্ধ করে দেন। এরপর নির্যাতন বেড়ে যায়। নাবিদ মাদক সেবন করতেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। এসব অভিযোগের বিষয়ে নাবিদের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।