তাহসিফ সৌরির মৃত্যুর কারণ তদন্তের আগে বলা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর সঠিক কারণ প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ হওয়ার আগে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগে বুধবার বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী এলাকায় তুরাগ নদের ঘাট থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত ও বিচারের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, কে কখন দেশে আসতে চান, তা নিয়ে সরকার বিচলিত নয়। আইন অনুযায়ী তাঁদের হেফাজতে নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, বিএনপি ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বোমা হামলা বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।



