বিদেশে কর্মীর মৃত্যু হলে পরিবার কীভাবে পাবে ১৩ লাখ টাকা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

বিদেশে কর্মরত অবস্থায় কোনো বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হলে তাঁর পরিবার মোট ১৩ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা পেতে পারে। এর মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ৩ লাখ টাকা অনুদান, কল্যাণ তহবিলের আওতায় ১০ লাখ টাকা বীমা সুবিধা এবং মরদেহের দাফন বা সৎকারের জন্য ৩৫ হাজার টাকা সহায়তা রয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানিয়েছে, বৈধভাবে বিদেশগামী এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বহির্গমন ছাড়পত্র নেওয়া কোনো কর্মী কর্মরত দেশে মারা গেলে তাঁর পরিবার এই সহায়তার জন্য আবেদন করতে পারবে।

শেনজেনভুক্ত কোনো দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার পর ওই অঞ্চলের অন্য কোনো দেশে মৃত্যু হলেও এ সুবিধা প্রযোজ্য হবে। একইভাবে মধ্যপ্রাচ্য, ইউরোপ বা বিশ্বের অন্য কোনো দেশ থেকে হজ কিংবা ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়ে কোনো কর্মী মারা গেলে দূতাবাসের প্রত্যয়ন সাপেক্ষে তাঁর পরিবার অনুদান পাওয়ার যোগ্য হবে।

বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে অবস্থানকালে কোনো কর্মীর মৃত্যু হলেও নির্ধারিত শর্ত পূরণ করে তাঁর পরিবার এ সহায়তা পেতে পারে। এ ক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়ন প্রয়োজন হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণে বিভিন্ন আর্থিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

সহায়তা সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ থেকে টোল-ফ্রি নম্বর ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈধভাবে বিদেশগমন, বিএমইটি নিবন্ধন এবং কল্যাণ বোর্ডের সদস্যপদ-সংক্রান্ত শর্ত পূরণ করা থাকলে প্রবাসী কর্মীর মৃত্যু বা দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাঁর পরিবারের আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হয়।