সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬
সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ভিসা ও নিয়োগচুক্তি যাচাই থেকে শুরু করে ইকামা, বেতন, চাকরি পরিবর্তন, জনসমক্ষে আচরণ, সড়ক নিরাপত্তা, অর্থ লেনদেন ও জরুরি পরিস্থিতিতে করণীয়—বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব নির্দেশনা জানানো হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস।
সৌদি আরবে যাওয়ার আগে যা করবেন
প্রবাসীদের ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বিএমইটি ছাড়পত্র, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে।
পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের হেফাজতে রাখতে হবে। দালালের মৌখিক আশ্বাসে টাকা দেওয়া এবং ভিজিট ভিসায় কাজের জন্য সৌদি আরবে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইকামা ও প্রয়োজনীয় কাগজপত্র
ইকামা সঙ্গে রাখা এবং আবসারের মেয়াদ নিয়মিত যাচাই করতে বলা হয়েছে। কিউআইডব্লিউএ (QIWA) প্ল্যাটফর্মে নিয়োগচুক্তি ও ওয়ার্ক পারমিট যাচাই করতে হবে। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে নবায়ন বা পুনরায় ইস্যুর উদ্যোগ নিতে বলা হয়েছে।
না বুঝে বা সাদা কাগজে কোনো নথিতে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া যাবে না। ওটিপি ও পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শও দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার। এ জন্য কাউকে আলাদা করে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বেতন ও শ্রমিকের অধিকার
নিয়োগচুক্তির কপি ও কাজের প্রমাণ সংরক্ষণ করতে বলা হয়েছে। বেতন ব্যাংকিং চ্যানেলে গ্রহণ এবং ব্যাংক স্টেটমেন্ট সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো সমস্যা হলে মকতব আমল (১৯৯১১) অথবা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বৈধ অনুমতি ছাড়া নিজের নিয়োগকর্তার বাইরে কাজ না করা এবং নিয়োগকর্তার সঙ্গে বিরোধ হলে কর্মস্থল থেকে পালিয়ে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া কর্মবিরতি, ধর্মঘট বা কাজে বাধা সৃষ্টি না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
চাকরি পরিবর্তন ও দেশে ফেরার সময়
চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কিউআইডব্লিউএ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধভাবে ট্রান্সফার সম্পন্ন করতে হবে। দেশে ফেরার আগে জরিমানা বা ট্রাভেল ব্যান রয়েছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে। দেশে ফেরার আগে মোবাইল সিম ও অ্যাকাউন্ট বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফাইনাল এক্সিট (Final Exit) ভিসার নির্ধারিত মেয়াদ অতিক্রম না করা এবং অনুমোদন পাওয়ার আগে নতুন কাজে যোগ না দেওয়ার নির্দেশনা রয়েছে। অন্যের সোনা বা মোবাইল ফোন টাকার বিনিময়ে বহন না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
জনসমক্ষে আচরণ
সৌদি আরবে শালীন পোশাক ও ভদ্র আচরণ বজায় রাখা, লাইনে দাঁড়ানো এবং বয়স্কদের সম্মান করার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ চাইলে শান্তভাবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। প্রকাশ্যে ঝগড়া, গালাগালি, মারামারি, ময়লা বা পানের পিক ফেলা এবং জাতি, দেশ বা গায়ের রং নিয়ে কটূক্তি থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ছবি, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যম
কোনো খবর শেয়ার করার আগে তা যাচাই করতে এবং শক্তিশালী পাসওয়ার্ড ও দুই ধাপের নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া নারী, শিশু বা পরিবারের সদস্যদের ছবি না তোলা এবং গুজব, অশ্লীল ভিডিও বা মিম ফরোয়ার্ড না করার নির্দেশনা রয়েছে।
এ ছাড়া ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপত্তা-সংবেদনশীল স্থান, আঘাতের স্থান বা নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত ছবি ও ভিডিও ধারণ, সংরক্ষণ বা শেয়ার না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
নারী, শিশু ও প্রতিবেশীর ক্ষেত্রে সতর্কতা
অপরিচিত নারী ও শিশুদের সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। নারীদের হয়রানি, অনুসরণ বা অনুমতি ছাড়া ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
হারানো শিশু পাওয়া গেলে নিরাপত্তাকর্মী বা পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। প্রতিবেশী বা অপরিচিত কারও বাড়িতে প্রবেশের আগে অনুমতি নেওয়ার নির্দেশনাও রয়েছে।
ধর্ম ও সংস্কৃতি
নামাজের সময় যথাযথভাবে নামাজ আদায়, রমজানে দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া ও ধূমপান থেকে বিরত থাকা এবং মসজিদে মোবাইল ফোন নীরব রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ধর্ম, রাজপরিবার বা সরকার নিয়ে মন্তব্য বা পোস্ট না করা এবং অনুমতি ছাড়া মিছিল, সমাবেশ বা ধর্মঘটে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
সড়ক ও ট্রাফিক আইন
বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বিমা নিশ্চিত করে গাড়ি চালাতে হবে। সিটবেল্ট ও গতিসীমা মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্ঘটনা হলে নাজম ও পুলিশের রিপোর্ট নিতে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতি
দুর্ঘটনা বা জরুরি প্রয়োজনে ৯১১ বা ৯৯৯ এবং অ্যাম্বুলেন্সের জন্য ৯৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আহত ব্যক্তির প্রাণঝুঁকি না থাকলে তাঁকে অপ্রয়োজনে সরানো যাবে না। দুর্ঘটনাস্থলে ভিড় করা বা ছবি-ভিডিও ধারণ এবং আহত কিংবা মৃত ব্যক্তির মোবাইল ফোন ও টাকা স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
অর্থ ও লেনদেন
শুধু ব্যাংক ও অনুমোদিত এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠাতে এবং নিয়মিত সঞ্চয়ের পরামর্শ দেওয়া হয়েছে। হুন্ডির মাধ্যমে টাকা না পাঠানো এবং নিজের সিম, কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট অন্যকে ব্যবহার করতে না দেওয়ার নির্দেশনা রয়েছে।
অন্যের ঋণের জামিনদার না হওয়া এবং অন্যের নামে ব্যবসা না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
কমিউনিটি ও বাসস্থান
কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং অন্যের চলাচলে বাধা সৃষ্টি করে গাড়ি পার্ক না করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনুমতি ছাড়া চাঁদা বা অর্থ সংগ্রহ, ব্যাচেলর ক্যাম্প বা বাসায় নারী অতিথি আনা, আতশবাজি ফোটানো, গাছ কাটা ও শিকার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ওষুধ ও মাদক
সৌদি আরবে ওষুধ নেওয়ার ক্ষেত্রে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (এসএফডিএ) প্রয়োজনীয় অনুমতি নিতে এবং প্রেসক্রিপশন ও ওষুধের মূল প্যাকেট সঙ্গে রাখতে বলা হয়েছে।
অন্যের দেওয়া প্যাকেট, ব্যাগ বা ওষুধ বহন না করা এবং প্রেসক্রিপশন ছাড়া অতিরিক্ত ওষুধ না আনার পরামর্শ দেওয়া হয়েছে। মদ, জুয়া ও মাদক থেকে দূরে থাকার কথাও বলা হয়েছে।
স্বাস্থ্য ও কর্মস্থলের নিরাপত্তা
গরমের সময় পর্যাপ্ত পানি পান, ছায়ায় বিশ্রাম এবং কর্মস্থলে হেলমেট, সেফটি বেল্টসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং বৈদ্যুতিক লাইন বা সকেটে ধারণক্ষমতার বেশি লোড না দেওয়ার নির্দেশনা রয়েছে। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদে কাজ না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
হজ, ওমরাহ ও পরিবার
নুসুক অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি নিয়ে হজ, ওমরাহ ও জিয়ারত করার পরামর্শ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া হজে অংশ না নেওয়ার পাশাপাশি বিয়ে আইন অনুযায়ী নিবন্ধন এবং সন্তানের জন্মনিবন্ধন করার কথা বলা হয়েছে।
গোপন বা নিবন্ধনহীন বিয়ে এবং বিয়েবহির্ভূত সম্পর্ক থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
বিপদে পড়লে যা করবেন
জরুরি প্রয়োজনে ৯১১ ও ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের সহায়তা নেওয়া এবং অনুবাদ ও আইনি সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
না বুঝে আরবি কাগজে স্বাক্ষর না করা, পুলিশের সঙ্গে তর্কে না জড়ানো এবং সমস্যা সমাধানের নামে দালালকে টাকা না দেওয়ার বিষয়েও সতর্ক করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় প্রবাসীদের বৈধভাবে বসবাস, সৌদি আরবের আইন মেনে চলা, আর্থিক লেনদেনের প্রমাণ সংরক্ষণ এবং বিপদের সময় একা সিদ্ধান্ত না নিয়ে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে।



