বিমানবন্দরে ফেরত আসার ঝুঁকি এড়াতে প্রবাসীদের বিশেষ পরামর্শ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

মালদ্বীপে যেতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বৈধ ভিসা না থাকার কারণে অতীতে মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন এমন কর্মীদের নতুন ভিসা নিয়ে দেশটিতে পুনরায় যাওয়ার আগে ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত সঠিক তথ্য নিশ্চিত করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে গত সোমবার প্রকাশিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মী আগে মালদ্বীপে কর্মরত ছিলেন, কিন্তু বৈধ ভিসা না থাকার কারণে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন, তাঁরা নতুন ভিসা নিয়ে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে নিশ্চিত হবেন যে, অতীতে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ তাঁদের বহিষ্কার বা কালো তালিকাভুক্ত করেছিল কি না।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, কোনো কর্মী আগে মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে বহিষ্কৃত বা নিষিদ্ধ হয়ে থাকলে নতুন ভিসা থাকা সত্ত্বেও তাঁকে পুনরায় দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এ কারণে অযথা বিমানবন্দরে ভোগান্তি ও আর্থিক ক্ষতি এড়াতে যাত্রার আগেই বিষয়টি নিজ দায়িত্বে যাচাই করার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

প্রবাসীদের সচেতন করার পাশাপাশি দালাল বা প্রতারক চক্রের ফাঁদে পা না দিয়ে আইনি নিয়মকানুন মেনে সঠিক উপায়ে মালদ্বীপে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।