বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

বাংলাদেশকে শুধু জনশক্তি রপ্তানিকারক দেশ হিসেবে নয়, বরং অভিবাসনের গন্তব্য হিসেবেও গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, অভিবাসন মানে কেবল বিদেশ থেকে পাঠানো অর্থ নয়; এর সঙ্গে মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার বিষয়টিও জড়িত। রেমিট্যান্সের পেছনে রয়েছে সাধারণ মানুষের কষ্ট ও সীমাহীন দুর্ভোগ।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন ঢাকা হোটেলে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ‘অভিবাসন, অধিকার ও উন্নয়নবিষয়ক ককাসের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের দুঃখ-কষ্ট লাঘবে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নারী শ্রমিকদের বিদেশে কর্মস্থলে নানা ধরনের অবর্ণনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়। প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি অভিবাসন গন্তব্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে শ্রমিকদের স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিদেশে কর্মী পাঠাতে অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্যের কারণে বিগত বছরগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী কর্মী পাঠানোর সুযোগ বন্ধ হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সর্বদলীয় এই ককাসের মাধ্যমে সংসদ সদস্যরা বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সহায়তা করবেন। পাশাপাশি মাঠপর্যায়ে অভিবাসন আইনের যথাযথ বাস্তবায়ন তদারকি করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। অথচ বিদেশে দীর্ঘ সময় ধরে অনেক শ্রমিক নিপীড়ন ও শোষণের শিকার হচ্ছেন। কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে তাঁদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এ সময় সংসদীয় ককাসের সভাপতি এবিএম মোশাররফ হোসেন ও ককাস সচিবালয়ের সভাপতি সৈয়দ সাইফুল হক স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী বক্তব্য দেন সংসদীয় ককাসের মহাসচিব ও সংসদ সদস্য মাহমুদা হাবিবা।

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. তৌফিকুর রহমান, উইটনেস ফাউন্ডেশনের সভাপতি শিপা হাফিজা, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক রাহনুমা সালাম খান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) শাহরিন মুনির এবং উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ দিপ্তা রক্ষিত।

প্যানেল আলোচকেরা নিরাপদ অভিবাসন এবং প্রবাসীদের মনোসামাজিক ও আর্থসামাজিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবপাচার বন্ধে সরকারের অভিবাসন নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ককাসের নির্বাহী কমিটির সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, অভিবাসন বিশ্লেষক, আলোচক, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।