মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে বিভিন্ন দেশের অভিবাসীদের আটকের সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ ঘটনায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে মোট ১১ হাজার ৭৫৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আটক হয়েছেন ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসী। আটক ব্যক্তিদের মধ্যে ৪৭ হাজার ৫৫৩ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে, দেশটির কেদাহ রাজ্যে অনলাইন প্রতারণার সাতটি চক্রের কল সেন্টার গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে এসব চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশি রয়েছেন।
অন্যদিকে, সেলেঙ্গর রাজ্যে দুই বাংলাদেশি রাতুল হাসান ও আব্বাস উদ্দিনের বিরুদ্ধে করা মামলার বিচারে একজনকে দুই বছর এবং অপরজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের ধারাবাহিক অভিযান, অন্যদিকে বিভিন্ন অপরাধে বাংলাদেশিদের গ্রেপ্তার ও সাজা—সব মিলিয়ে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর ঘটনায় অনেকেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।



