মরিশাসে কাঠের বাক্স চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

মরিশাসে কর্মস্থলে ভয়াবহ দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। কার্গো কনটেইনার ইয়ার্ডে কাজ করার সময় ভারী কাঠের বাক্স চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়। গত ৪ নভেম্বর দেশটির প্লেন-দে-পাপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের জন্য উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মরিশাসের শ্রম মন্ত্রণালয়।

দেশটির শ্রমমন্ত্রী রেজা উতিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও উদ্ধারকারী সূত্রে জানা যায়, নিহত তিন শ্রমিক স্থানীয় একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কার্গো কনটেইনার ইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ ভারী কাঠের বাক্স ভেঙে তাঁদের ওপর পড়ে। এতে তাঁরা গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। তবে জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকরা জানান, কনটেইনারের ভেতরেই তাঁদের মৃত্যু হয়েছে।

নিহত তিন বাংলাদেশি হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) ও সিকদার জোবায়েদ ইসলাম (২৫)।

কর্মস্থলে যথাযথ নিরাপত্তাবিধি অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখছে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শ্রমমন্ত্রী রেজা উতিম। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী দ্রুত মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।