মালয়েশিয়ায় যেতে স্বাস্থ্য পরীক্ষা করাবেন যেখানে, ৫১ কেন্দ্রের তালিকা প্রকাশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশের ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। শুক্রবার (৬ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটের ‘অ্যাক্রেডিটেড মেডিকেল সেন্টার’ বিভাগে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর নাম ও ঠিকানা প্রকাশ করা হয়।
এর আগে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশে ১৭টি মেডিকেল সেন্টারের তালিকা দেওয়া হয়েছিল। কেন্দ্রের সংখ্যা বাড়ানোর ফলে স্বাস্থ্য পরীক্ষা করানোর ক্ষেত্রে ভোগান্তি ও দীর্ঘসূত্রতা কমবে বলে আশা করা হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার কথা। এর আগে পরীক্ষা না করানোর নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছিলেন, নতুন তালিকা প্রকাশের পর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।
ঢাকায় যেসব কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে
প্রকাশিত তালিকায় রাজধানীর বিভিন্ন এলাকার মেডিকেল সেন্টার রয়েছে। মতিঝিলের এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, মেডিনেট মেডিকেল সার্ভিসেস ও রামিন হেলথ সেন্টার অনুমোদন পেয়েছে।
ফকিরাপুলের ওয়াদি হেলথ চেকআপ ও মেডিফ্লাই হেলথ সার্ভিসেস এবং পুরানা পল্টনের ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, এ এফ মেডিকেল সেন্টার, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড ও আল-জামী ডায়াগনস্টিক সেন্টার তালিকায় রয়েছে।
নয়াপল্টনের আইডিয়াল ডায়াগনস্টিক, সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার ও ওয়ান প্লাস মেডিকেল সেন্টারও অনুমোদিত হয়েছে। বিজয়নগরের পারফেক্ট মেডিকেয়ার ও কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টারেও স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে।
রামপুরা, বনশ্রী ও বাড্ডা
বনশ্রীর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, রামপুরার লিডিং হেলথ চেকআপ লিমিটেড ও ডায়নামিক ল্যাব এবং পশ্চিম রামপুরার ডেল্টা হেলথ কেয়ার ও পিওর হেলথ মেডিকেল সেন্টার তালিকাভুক্ত হয়েছে।
এ ছাড়া উত্তর বাড্ডার ল্যাব কোয়েস্ট লিমিটেড এবং মাদানি অ্যাভিনিউয়ের স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার অনুমোদন পেয়েছে।
বনানী, উত্তরা ও গাজীপুর
বনানীর গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সারা মেডিকেল সেন্টার ও সারা হেলথ কেয়ার তালিকায় রয়েছে। কাকলীর পুষ্প ক্লিনিক, চেয়ারম্যান বাড়ির এলবি হেলথকেয়ার ও সানমুন মেডিকেল সেন্টার এবং প্রগতি সরণির ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টারও অনুমোদন পেয়েছে।
উত্তরার দক্ষিণখানে জান্নাহ মেডিকেল সার্ভিসেস, সেক্টর-৪-এর মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহপুরের আইচি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে। গাজীপুরের শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টারও তালিকায় রয়েছে।
অন্যান্য এলাকার কেন্দ্র
ধানমন্ডির গ্রিন রোডে ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ক্যান্টনমেন্টের মানিকদীতে ইশতিয়াক মেডিকেল সেন্টার, মাটিকাটায় মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং কাফরুলের স্মার্ট মেডিকেল সেন্টার অনুমোদন পেয়েছে।
এ ছাড়া নিউ ইস্কাটনের ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, মগবাজারের গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার, কাকরাইলের কেয়ার ওয়েভ, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং তেজগাঁওয়ের জারা হেলথ কেয়ার তালিকায় রয়েছে।
তেজগাঁও বিমানবন্দর সড়কের এভারগ্রিন মেডিকেল সেন্টার ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেসও অনুমোদিত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
এফডব্লিউসিএমএসের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলো স্থানীয় সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধন পেয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার প্রতিষ্ঠান বেস্টিনেট এসডিএন বিএইচডির নির্ধারিত নিরীক্ষা প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে।
মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে আগ্রহীদের ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স (ই-ভিডিআর) আবেদনের প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করানো বাধ্যতামূলক।
এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং স্বাস্থ্য পরীক্ষার অনুমোদনে দীর্ঘসূত্রতা কমানোর দাবি জানিয়ে আসছেন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। নতুন করে ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশকে এ প্রক্রিয়া সহজ করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
স্বাস্থ্য পরীক্ষা করানোর আগে কর্মীদের এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন ও ঠিকানা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



