প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

প্রবাসে থাকা দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রযুক্তি খাতের উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, ডিজিটাল অবকাঠামো ও উন্নত উৎপাদনশিল্পে বিনিয়োগ বাড়াতে তাঁদের সম্পৃক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

সরকারের লক্ষ্য, মেধাপাচার কমিয়ে ‘মেধার আবর্তন’ বা ব্রেন সার্কুলেশন ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিশেষজ্ঞরা দেশে ফিরে অথবা বিদেশে থেকেই বিনিয়োগ, গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও জ্ঞান বিনিময়ে ভূমিকা রাখতে পারবেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব কথা জানান। তিনি বলেন, ‘আমরা ব্রেন ড্রেইনের সম্পূর্ণ বিপরীত পথে যেতে চাই। আমরা ব্রেন সার্কুলেশন চাই। আমরা তাদের দেশে ফিরিয়ে আনতে চাই।’

যুক্তরাষ্ট্র সফরে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সিলিকন ভ্যালি থেকে কয়েকজন বাংলাদেশি পেশাজীবী ইতোমধ্যে দেশে ফিরেছেন। অন্যরাও স্থায়ীভাবে দেশে না ফিরেও বিনিয়োগ, যৌথ গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে আগ্রহী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে এআই, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, উন্নত উৎপাদনশিল্প ও ডিজিটাল অবকাঠামোর বিকাশ। প্রচলিত শিল্পের বাইরে অর্থনীতিকে বহুমুখী করতেও এসব খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে এআই, সফটওয়্যার ও হার্ডওয়্যার উৎপাদনের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করার অঙ্গীকার করা হয়েছে। এসব খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সাইবার নিরাপত্তা ও এআই খাতে ২ লাখ এবং ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরিতে আরও ৮ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সেমিকন্ডাক্টর শিল্পে বড় সম্ভাবনা

উচ্চমূল্যের রপ্তানি ও দক্ষ কর্মসংস্থানের নতুন উৎস হিসেবে সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তুলতে চায় সরকার। গত ২৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা করেন। তৈরি পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টর খাতকে প্রবৃদ্ধির সম্ভাবনাময় চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরে সেমিকন্ডাক্টর-সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে শুল্ক ও কর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সেবা রপ্তানিতে উৎসাহ দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ২০৩০ সালের মধ্যে এ খাতে ১০০ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে আলোচনায় বৈশ্বিক সেমিকন্ডাক্টর মূল্য শৃঙ্খলে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। ডেটা সংরক্ষণ ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও কাজ করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের উপযোগী এআই গড়ার পরিকল্পনা

দেশের আর্থসামাজিক বাস্তবতার উপযোগী ‘সার্বভৌম এআই’ গড়ে তোলার বিষয়েও সরকারের আগ্রহ রয়েছে। কৃষি, ব্যবসা, নারী উদ্যোক্তা ও স্টার্টআপ খাতে এআইয়ের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে কী ধরনের এআই প্রয়োজন, সেটি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। একজন কৃষক কীভাবে এ প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হতে পারেন, কিংবা ক্ষুদ্র ব্যবসা ও নারী উদ্যোক্তারা কীভাবে এআই কাজে লাগাতে পারেন, তা বিবেচনায় নিতে হবে।

তাঁর মতে, এআইয়ের ব্যবহার উৎপাদনশীলতা বাড়ানো, ক্ষুদ্র ব্যবসাকে শক্তিশালী করা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগ সরকারের প্রস্তাবিত মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এ নীতিতে দায়িত্বশীল উদ্ভাবন, তথ্য সুরক্ষা, নৈতিক ব্যবস্থাপনা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মার্কিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা সহযোগিতা

যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ প্রতিনিধিদল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। এসব বৈঠকে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় দুটির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। উন্নত প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন এমন ক্ষেত্রে আনুষ্ঠানিক সহযোগিতার বিষয়ে সরকার আশাবাদী।

এ ধরনের অংশীদারিত্বের মাধ্যমে গবেষক, প্রকৌশলী ও উদ্যোক্তা তৈরির পাশাপাশি বৈশ্বিক উদ্ভাবন নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের সংযোগ বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।

এ ছাড়া আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর উৎপাদনকেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, যথাযথ নীতি, অবকাঠামো ও দক্ষ জনশক্তি নিশ্চিত করা গেলে অ্যাপলের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উৎপাদন নেটওয়ার্কেও বাংলাদেশ যুক্ত হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে গুরুত্ব

প্রবাসী বিশেষজ্ঞ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য ও নিরাপদ বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিনিয়োগ-সংশ্লিষ্ট আইন ও প্রতিষ্ঠান শক্তিশালী করে স্বচ্ছতা, জবাবদিহি এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর কাজ করছে সরকার।

সরকারের বৃহত্তর প্রযুক্তি কর্মসূচিতে স্টার্টআপ অর্থায়ন, উদ্ভাবনে প্রণোদনা, ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, প্রবাসী মেধা, বিদেশি বিনিয়োগ, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব এবং দেশের অভ্যন্তরীণ সংস্কারকে সমন্বিতভাবে কাজে লাগানো গেলে এআই, সেমিকন্ডাক্টর ও উন্নত উৎপাদনশিল্পে বাংলাদেশের সম্ভাবনা বাড়বে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু মেধাপাচার ঠেকানো নয়; বরং বাংলাদেশ ও বিশ্বের উদ্ভাবনকেন্দ্রগুলোর মধ্যে মেধা, প্রযুক্তি, বিনিয়োগ ও জ্ঞানের দ্বিমুখী বিনিময়ব্যবস্থা গড়ে তোলা।

সূত্র: বাসস