নতুন ই-পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত?
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
বিদেশে উচ্চশিক্ষা, ভ্রমণ, চিকিৎসা কিংবা কাজের জন্য পাসপোর্ট প্রয়োজন। বাংলাদেশে এখন ঘরে বসেই অনলাইনে ই-পাসপোর্টের আবেদন করা যায়। আবেদন, ফি জমা এবং নির্ধারিত দিনে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার মাধ্যমে সম্পন্ন করা যায় পুরো প্রক্রিয়া।
পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে, পৃষ্ঠা পূর্ণ হলে, হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন পাসপোর্ট কিংবা পুনঃইস্যুর আবেদন করতে হয়। ব্যক্তিগত তথ্যে পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলেও নির্ধারিত নিয়মে পুনঃইস্যুর আবেদন করা যায়।
অনলাইনে আবেদন করবেন যেভাবে
ই-পাসপোর্টের জন্য প্রথমে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: **www.epassport.gov.bd**।
সেখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের তথ্যসহ প্রয়োজনীয় বিবরণ দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার সময় বর্তমান ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে।
১৮ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এনআইডির তথ্য প্রয়োজন। অপ্রাপ্তবয়স্কদের জন্য জন্মনিবন্ধন সনদের তথ্য দিতে হয়। আবেদন জমা দেওয়ার পর ফরমটি প্রিন্ট করে রাখতে হবে।
পাসপোর্টের ফি জমা
ই-পাসপোর্টের ফি অনলাইনে অথবা ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যায়। সরকারি ই-পাসপোর্ট পোর্টালে এ-চালান, ডিজিপে ও সূর্যপে-সহ বিভিন্ন মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা রয়েছে। অফলাইনে সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে এ-চালানে ফি জমা দেওয়া যায়।
পাসপোর্ট করতে কত টাকা লাগবে
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে ১২ জুলাই ২০২৬ তারিখে হালনাগাদ করা ফি তালিকা অনুযায়ী, বাংলাদেশে আবেদনকারীদের জন্য ১৫ শতাংশ ভ্যাটসহ পাসপোর্টের ফি নিচে দেওয়া হলো—

ছবি ও বায়োমেট্রিক তথ্য
আবেদনের সময় নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যেতে হবে। সঙ্গে রাখতে হবে আবেদনপত্রের প্রিন্ট কপি, এনআইডি বা জন্মনিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র।
পাসপোর্ট অফিসে আবেদন যাচাইয়ের পর ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের আইরিস স্ক্যান এবং ডিজিটাল স্বাক্ষর নেওয়া হবে। এ সময় আবেদনপত্রে দেওয়া তথ্যের সাথে মূল পরিচয়পত্রের তথ্য মিলিয়ে দেখা জরুরি। কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে হবে।
বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর আবেদনকারীকে একটি ডেলিভারি রসিদ দেওয়া হবে। রসিদে উল্লেখ করা তারিখ ও নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
কত দিনে পাওয়া যাবে পাসপোর্ট
ই-পাসপোর্ট পোর্টালের তথ্য অনুযায়ী, বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর সাধারণ আবেদনে ১৫ কার্যদিবস বা ২১ দিনের মধ্যে, জরুরি আবেদনে সাত কার্যদিবস বা ১০ দিনের মধ্যে এবং অতীব জরুরি আবেদনে দুই কার্যদিবসের মধ্যে পাসপোর্ট সরবরাহের সময় নির্ধারিত রয়েছে। তবে আবেদন যাচাই বা বিশেষ কোনো জটিলতার কারণে সময়ের পরিবর্তন হতে পারে।
পুলিশ ভেরিফিকেশন লাগবে কি?
পাসপোর্টের আবেদনে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি শিথিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ পরিপত্র জারি করে। ফলে প্রথমবার পাসপোর্টের আবেদন কিংবা পুনঃইস্যুর ক্ষেত্রে আগের মতো নিয়মিত পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা নেই।
নিজ এলাকার পাসপোর্ট অফিসে আবেদন
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর বর্তমান ঠিকানার আওতাধীন বিভাগীয় বা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন জমা দিতে হবে। তাই আবেদন করার সময় সঠিক ঠিকানা ও সংশ্লিষ্ট অফিস নির্বাচন করা জরুরি।
আবেদনের আগে ই-পাসপোর্টের সরকারি ওয়েবসাইটে নির্দেশনা ও হালনাগাদ ফি দেখে নেওয়া উচিত।



