বিদেশে কর্মী নিয়োগে প্রতারণা বন্ধে সমন্বিত উদ্যোগের আহ্বান
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
মানব পাচার, ঋণের ফাঁদ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রলোভন দেখিয়ে কর্মী নিয়োগ, কম্বোডিয়া ও মিয়ানমারের সাইবার স্ক্যাম সেন্টারে পাচার এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন—এসব সংকটের কারণ, প্রতিরোধ ও কার্যকর করণীয় নিয়ে অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) উইটনেস ফাউন্ডেশনের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক নিয়োগ সংকট মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সংলাপের অধিবেশন পরিচালনা করেন উইটনেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী।
প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ওয়ারবি) চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবুল কালাম, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান।
আলোচনায় নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে নিয়োগ ব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা প্রতিরোধ, মানব পাচার বন্ধ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় PERI কর্মসূচির আওতায় এ সংলাপের আয়োজন করে উইটনেস ফাউন্ডেশন।



