মালয়েশিয়াগামী কর্মীদের খরচ কত? নতুন তথ্য দিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬
চলতি বছর মালয়েশিয়ায় কাজের জন্য যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করতে আগামী সপ্তাহের মধ্যেই মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ সরকার।
অভিবাসন ব্যয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারিভাবে নির্ধারিত খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে বেসরকারি পর্যায়ে সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা খরচের কথা বলা হচ্ছে। এটি সরকারের নির্ধারিত ব্যয় নয়, বরং সংশ্লিষ্টদের বক্তব্য। তাদের দাবি করা খরচের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ থাকলে এত মানুষের ভোগান্তি হতো না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশটির পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
সরকারের এ উদ্যোগের ফলে মালয়েশিয়ায় কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায়ের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।



