প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানদের মাসে ২ হাজার টাকা ভাতা, আবেদন যেভাবে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

প্রবাসে কর্মরত বৈধ বাংলাদেশি কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য বিশেষ ভাতা দিচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এ কর্মসূচির আওতায় একজন প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তান প্রতি মাসে ২ হাজার টাকা করে বছরে মোট ২৪ হাজার টাকা ভাতা পাবেন। এ সুবিধা সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, ভাতার সম্পূর্ণ অর্থ বিইএফটিএন (BEFTN) পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীর ব্যাংক হিসাবে পাঠানো হবে।

প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এ ভাতার জন্য আবেদন করতে হবে। অনলাইনে portal.webb.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের জন্য প্রয়োজন হবে প্রবাসী কর্মীর বিএমইটি ছাড়পত্র অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ সনদ, সন্তানের জন্মনিবন্ধন, নাগরিক সনদ, প্রতিবন্ধিতার সুবর্ণ কার্ড এবং ব্যাংক হিসাবের তথ্য।

এ ছাড়া বিশেষ এ ভাতা সম্পর্কে বিস্তারিত জানতে প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

প্রবাসী পরিবারের প্রতিবন্ধী সন্তানদের আর্থিক সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।