প্রবাসী কার্ডের নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
প্রবাসী কার্ড চালুর আগেই এ কার্ডের নামে প্রতারণা শুরু হয়েছে। তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে অসাধু ব্যক্তি ও দালাল চক্র। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালু করা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্ড প্রবর্তনের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কার্ডটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। এ সংক্রান্ত আবেদন গ্রহণের কার্যক্রমও শুরু হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা এবং দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সরকারি পাতায় আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তাই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এ ছাড়া কেউ প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ রক্ষায় সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিনের সাথে ০১৭১২-৮৭০৯৬৮ নম্বরে অথবা dsservice@probashi.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলামের সাথে ০১৩৩১-১১৬৬০০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।



