বাহরাইনে বাড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠান, শ্রমবাজার বন্ধ থাকায় বাড়ছে কর্মী সংকট

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

বাহরাইনে একের পর এক নতুন বাংলাদেশি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে। তবে দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ও দক্ষ কর্মী নিয়োগ করতে গিয়ে সংকটে পড়ছেন বাংলাদেশি উদ্যোক্তারা। ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হলেও পর্যাপ্ত জনবলের অভাবে বাড়ছে চ্যালেঞ্জ।

এমন পরিস্থিতির মধ্যেই বাহরাইনের রাজধানী মানামায় নতুন ট্রাভেল এজেন্সি ‘Ayaat Travel & Tours’ চালু করেছেন তরুণ বাংলাদেশি উদ্যোক্তা ও বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সেক্রেটারি মুস্তাফিজ মাসুম।

গত ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ার, এনডিসি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, গ্লোবাল ট্রাভেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজাইব কিদওয়াই, মকবুল আহমেদ, মোস্তাক আহমেদ, কামাল উদ্দিন, মিজানুর রহমান, মোজাম্মেল কিং ও রহমত উল্লাহ।

এ ছাড়া বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা নতুন এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সাথে প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় সেবা প্রদানে প্রতিষ্ঠানটি আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সততা, আস্থা ও দায়িত্বশীলতার ভিত্তিতে প্রবাসী বাংলাদেশিদের উন্নত ও মানসম্মত সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য।

এদিকে বাহরাইনে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ ও নতুন প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ থাকায় প্রয়োজনীয় কর্মী নিয়োগে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন উদ্যোক্তারা। ফলে একদিকে যেমন নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্যদিকে তেমনি শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি প্রবাসী ব্যবসায়ী ও বাংলাদেশি কমিউনিটির কাছে গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে।