ইতালিতে তিন বছরে প্রায় ৫ লাখ কর্মী নিয়োগ, সুযোগ বাংলাদেশিদেরও

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

ইউরোপের দেশ ইতালিতে আগামী তিন বছরে প্রায় ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে দেশটির সরকার। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেয়ার অনুমোদন দেয়া হয়েছে। এ কর্মসূচিতে বাংলাদেশসহ ৩৭টি দেশের নাগরিকদের জন্য কাজের সুযোগ থাকছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেবে ইতালি। কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য খাতে এসব কর্মী নিয়োগ দেয়া হবে।

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় ২০২৭ সালের কর্মী নিয়োগের কোটা নির্ধারণ করা হয়েছে। দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত কোটার মধ্যে ১৪ হাজার জনের সুযোগ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।

বাংলাদেশ ছাড়াও এ কর্মসূচির আওতায় রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, আলবেনিয়া, আলজেরিয়া, মিসর, ইথিওপিয়া, ফিলিপাইন, ঘানা, জাপান, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তিউনিসিয়াসহ আরও কয়েকটি দেশের নাগরিক। তবে বাংলাদেশের জন্য আলাদা কোনো কর্মী নিয়োগ কোটা ঘোষণা করা হয়নি। অংশগ্রহণকারী দেশগুলোর জন্য নির্ধারিত সামগ্রিক কোটার মধ্য থেকেই কর্মী নিয়োগ দেয়া হবে।

ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনসংক্রান্ত প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীদের তথ্য পূরণের জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল ব্যবহার করতে হবে। তবে আবেদন জমা দেয়ার মূল দায়িত্ব থাকবে ইতালির নিয়োগকর্তার ওপর। অর্থাৎ, দেশটির কোনো বৈধ নিয়োগকর্তার চাকরির প্রস্তাব ও প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২০২৭ সালে কর্মী নিয়োগের আবেদন জমা দেয়ার জন্য চারটি নির্দিষ্ট দিন নির্ধারণ করা হয়েছে। কৃষি খাতের মৌসুমি কর্মীদের জন্য ১২ জানুয়ারি, পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যা খাতের কর্মীদের জন্য ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন জমা নেয়া শুরু হবে। প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ করা হবে।

বাংলাদেশি কর্মীদের জন্য এ কর্মসূচিতে অংশ নেয়ার ক্ষেত্রে বৈধ নিয়োগকর্তা ও প্রকৃত চাকরির প্রস্তাব নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আবেদন করার আগে নিয়োগকর্তার পরিচয়, প্রতিষ্ঠানের বৈধতা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। পাশাপাশি দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে অর্থ লেনদেন না করার বিষয়ে সতর্ক করেছেন তারা।

ইতালিতে বৈধভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশিদের নিয়োগকর্তার মাধ্যমে নির্ধারিত নিয়মে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু ডিক্রেতো ফ্লুসি কর্মসূচিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি থাকলেই ইতালি যাওয়ার নিশ্চয়তা পাওয়া যাবে না; চাকরির প্রস্তাব, নিয়োগকর্তার অনুমোদন এবং সংশ্লিষ্ট অভিবাসন শর্ত পূরণ করতে হবে।