জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য জামানতবিহীন ঋণ সুবিধা সম্প্রসারণ করছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দুটি পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে একটি কর্মসূচিতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, যার সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ। অন্য কর্মসূচিতে এককভাবে সর্বোচ্চ ১০ লাখ এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত লাগবে না।

রোববার (১৫ নভেম্বর) জামানতবিহীন ক্ষুদ্র ঋণ কর্মসূচির বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ১২ নভেম্বর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার আরেকটি পুনঃঅর্থায়ন তহবিল গঠনের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণের সুবিধা

বাংলাদেশ ব্যাংকের প্রথম কর্মসূচির আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্যরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। এ ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ১২ মাস সময় পাওয়া যাবে। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।

ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও ই-ওয়ালেটের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ঋণ বিতরণ করা যাবে। অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদে এ তহবিল পাবে।

প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এ পুনঃঅর্থায়ন সুবিধা চালু থাকবে।

১০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুযোগ

অন্যদিকে, ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এককভাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নেয়া যাবে। এ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো ১ শতাংশ সুদে তহবিল পাবে। গ্রাহক পর্যায়ে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে মুনাফার হারও সর্বোচ্চ ৭ শতাংশ হবে।

এ কর্মসূচিতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক প্রয়োজন অনুযায়ী যৌক্তিক জামানত চাইতে পারবে। ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর বা ৬০ মাস।

যেসব পেশার মানুষ ঋণ পাবেন

এ তহবিলের আওতায় ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তা, কৃষক, মৎস্যজীবী, মুচি, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দর্জি, রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষ ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, বৈদ্যুতিক ও গৃহস্থালি যন্ত্রপাতি মেরামতকারী, খাদ্যপণ্য প্রস্তুতকারী, তাঁতশিল্পী, চা-শ্রমিক ও দোকানিরাও এ সুবিধার আওতায় থাকবেন।

মোবাইল রিচার্জ ও মোবাইল আর্থিক সেবার এজেন্ট, ইন্টারনেট সেবাদাতা, পথের ক্ষুদ্র ব্যবসায়ী, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, ফ্রিল্যান্সার এবং নার্সারি ব্যবসায়ীরাও ঋণ নিতে পারবেন। পাশাপাশি গাছ লাগানো, সেলাই, নকশিকাঁথা, ব্লক-বাটিক ও কুটিরশিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও ঋণের সুযোগ রয়েছে। ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য, ভূমিহীন ও প্রান্তিক কৃষকেরাও এ কর্মসূচির আওতায় আসবেন।

নারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এ তহবিলের অন্তত ২৫ শতাংশ ঋণ নারীদের মধ্যে বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, উপকূলীয় এলাকা, চর ও হাওরাঞ্চলের বাসিন্দা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।

এ ছাড়া প্রবাসী আয় গ্রহণকারী পরিবারের সদস্য, বিদেশফেরত কর্মী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও ঋণের জন্য বিবেচিত হবেন।

২৫ বছর বয়স পর্যন্ত সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীরা কারিগরি, বৃত্তিমূলক ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের খরচ মেটাতে ঋণ নিতে পারবেন। পাশাপাশি এমবিবিএস, বিডিএস ও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার ব্যয় এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও ঋণ দেয়া যাবে। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।

একক ও দলগত ঋণের পরিমাণ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দলগতভাবে দুই থেকে পাঁচজন মিলে আবেদন করলে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। তবে কোনো সদস্যের ঋণের পরিমাণ ৮ লাখ টাকার বেশি হতে পারবে না। দলগত ঋণের ক্ষেত্রে প্রত্যেক সদস্যের দায় যৌথ ও ব্যক্তিগত উভয়ভাবেই কার্যকর থাকবে।

আবেদন করবেন যেভাবে

ঋণের জন্য আবেদন করতে আগ্রহীদের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ সরাসরি ওই হিসাবে জমা হবে।

ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা এবং অনলাইন বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ও ঋণ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। আবেদনকারীর যোগ্যতা, ঋণের উদ্দেশ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ব্যাংক ঋণ অনুমোদনের সিদ্ধান্ত নেবে।

সুদ ও কিস্তি পরিশোধের নিয়ম

১০ লাখ টাকা পর্যন্ত ঋণের কর্মসূচিতে গ্রাহক পর্যায়ে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর। প্রয়োজনে ছয় মাস পর্যন্ত কিস্তি পরিশোধে ছাড় দেয়া যাবে। মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বছরে একবার কিস্তি দেয়ার সুযোগ রাখা হয়েছে।

ঋণ দেয়ার আগে গ্রাহকের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করতে হবে। এ জন্য ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সংগ্রহ করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এ প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো ফি নেয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফি ছাড়া গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো প্রক্রিয়াকরণ ফি নেয়া যাবে না। ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার হচ্ছে কি না, তা-ও ব্যাংকগুলোকে পর্যবেক্ষণ করতে হবে।

নতুন এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়বে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। তবে ঋণ পাওয়া নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংকের যাচাই-বাছাই, আবেদনকারীর যোগ্যতা ও ঋণের শর্ত পূরণের ওপর।