বাহরাইনে রাতে কাজ করলে ১০ শতাংশ বাড়তি ভাতার প্রস্তাব
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
বাহরাইনে রাতের শিফটে কাজ করা কর্মীদের জন্য মূল বেতনের অন্তত ১০ শতাংশ অতিরিক্ত ভাতা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সংসদ। অন-কল বা জরুরি প্রয়োজনে কর্মস্থলে উপস্থিত থাকতে হয়, এমন কর্মীরাও এ সুবিধার আওতায় আসতে পারেন।
গত ১৭ নভেম্বর সর্বসম্মতিক্রমে অনুমোদিত প্রস্তাবটি এখন সরকারের কাছে পাঠানো হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে আইনের খসড়া তৈরির কথা রয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে রাতের পালায় কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও বাড়তি আর্থিক সুবিধা পেতে পারেন।
সংসদ সদস্যদের যুক্তি, রাতের শিফটে কাজ করার কারণে কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি পারিবারিক ও সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে তাঁদের বাড়তি ভাতা দেওয়া প্রয়োজন।
বাহরাইনের সংসদের সার্ভিসেস কমিটি প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়েছে। তবে দেশটির শ্রম মন্ত্রণালয় এর অর্থনৈতিক প্রভাব আরও পর্যালোচনার কথা বলেছে। অন্যদিকে, ব্যবসায়ী সংগঠনগুলো অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে। তাদের মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে ছোট প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হতে পারে। তবে শ্রমিক সংগঠনগুলো কর্মীদের অধিকার সুরক্ষায় প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়েছে।
প্রস্তাবে বেসরকারি খাতের শ্রম আইনের ৫০ নম্বর ধারা সংশোধন করে রাতের শিফট ও অন-কল কর্মীদের জন্য এ ভাতা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। বর্তমানে আইনে এ ধরনের কর্মীদের ভাতা দেওয়ার বিধান থাকলেও নির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ নেই।
প্রস্তাবটি চূড়ান্তভাবে আইনে পরিণত হলে বাহরাইনে কর্মরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসী শ্রমিকেরাও বাড়তি আয়ের সুযোগ পেতে পারেন। তবে ১০ শতাংশ ভাতার বিষয়টি এখনো কার্যকর আইন নয়। সরকারের পরবর্তী সিদ্ধান্ত এবং আইন সংশোধনের প্রক্রিয়া শেষ হওয়ার পরই এর বাস্তবায়ন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।



