স্পেন-পর্তুগালে চালক সংকট: পাসপোর্ট আটকে রেখে অমানবিক শ্রম
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
ইউরোপের পরিবহন খাতে ট্রাকচালকের তীব্র সংকটের সুযোগ নিয়ে স্পেন ও পর্তুগালে নথিবিহীন অভিবাসী শ্রমিকদের শোষণের ঘটনা বাড়ছে। দীর্ঘ কর্মঘণ্টা, বিশ্রামের অভাব, কম বেতন, পাসপোর্ট আটকে রাখা এবং বৈধ কাগজপত্র করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বিদেশি শ্রমিকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সংগঠন এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে।
ইউরোপের পরিবহন খাতে ৩০ লাখের বেশি ট্রাকচালক কাজ করেন। তবে স্পেন ও পর্তুগালে চালকের ঘাটতি পূরণে প্রায় ৪০ হাজার কর্মী প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সংকটের সুযোগ নিচ্ছে অসাধু নিয়োগকর্তা ও মানবপাচারকারী চক্র।
ইনফোমাইগ্রেন্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর রাতে পর্তুগালের রাজধানী লিসবনের উত্তরে এ১ মহাসড়কের কাছে সন্দেহজনক চলাচলের কারণে স্পেনের নিবন্ধন নম্বরযুক্ত একটি ট্রাক থামায় পুলিশ। ট্রাকের চালকের আসনে থাকা ব্যক্তি ছিলেন অত্যন্ত ক্লান্ত। তাঁর পেছনে থাকা আরেক চালকও আতঙ্কিত ছিলেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে সিরীয় দুই শ্রমিক জানান, তাঁরা স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের একটি পরিবহন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন। টানা তিন সপ্তাহ তাঁদের কোনো বিশ্রামের দিন ছিল না।
পাসপোর্ট আটকে রেখে অমানবিক শ্রম
পর্তুগালে মানবপাচার ও মানবশোষণসংক্রান্ত তদন্তের সঙ্গে যুক্ত পুলিশ কর্মকর্তাদের মতে, কিছু প্রতিষ্ঠান নিয়োগের নিয়ম শিথিলতার সুযোগ নিয়ে অনিয়মিত অবস্থায় থাকা অভিবাসীদের কাজে নিয়োগ দিচ্ছে। বৈধ কাগজপত্র করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও অনেক ক্ষেত্রে তা বাস্তবায়ন করা হচ্ছে না।
অভিবাসীদের পাসপোর্ট আটকে রাখা, ব্ল্যাকমেইল, কম বেতন এবং বিরতিহীন কাজের মাধ্যমে শোষণ করা হচ্ছে। অনেক শ্রমিক সামাজিক সুরক্ষা থেকেও বঞ্চিত হচ্ছেন। তাঁদের বেতন নগদে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে আইন নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়েও কম।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল থেকে এ ধরনের ঘটনার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। চলতি বছর আইবেরীয় উপদ্বীপে আইনি নিয়মের বাইরে শ্রমিক নিয়োগের ১ হাজার ২০০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। দুই বছর আগে বছরে এ ধরনের ঘটনার সংখ্যা গড়ে ১২০টিরও কম ছিল।
মানবপাচারকারীদের ফাঁদে বিদেশি চালকেরা
উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া থেকে আসা অভিবাসীদের অনেকেই অসাধু নিয়োগকর্তাদের শোষণের শিকার হচ্ছেন।
মাদ্রিদ অঞ্চলের সামাজিক বিষয়ক সমন্বয় দপ্তরের কর্মকর্তা নেস্তর সানচেজ বলেন, চালকের সংকট অসাধু নিয়োগকর্তাদের জন্য সুযোগ তৈরি করেছে। প্রতি সপ্তাহেই এমন শ্রমিকদের অভিজ্ঞতা শুনতে হচ্ছে, যারা শোষণের চক্রে আটকা পড়েছেন।
তাঁদের অনেককে কাজ ছেড়ে দিলে পরিবারকে সহায়তা করতে পারবেন না কিংবা রাস্তায় থাকতে হবে—এমন ভয় দেখানো হয়। মানবপাচারকারীরা ফ্রান্স বা ইতালি হয়ে পর্তুগাল কিংবা স্পেনে নিয়ে আসার পর অনেকের পাসপোর্ট আটকে রাখেন।
কিছু শ্রমিককে অস্বাস্থ্যকর পরিবেশে একসঙ্গে থাকতে বাধ্য করা হয়। চিকিৎসাসেবা ও বিশ্রাম থেকেও তাঁরা বঞ্চিত হন। সম্প্রতি চরম শারীরিক ক্লান্তিতে ভোগা কয়েকজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
ভিসার মেয়াদ শেষ, নিয়োগকর্তার চাপে শ্রমিক
ওমর নামের এক সিরীয় অভিবাসী শ্রমিকের অভিজ্ঞতা তুলে ধরেছে ইনফোমাইগ্রেন্টস। ২০২৩ সালে ইতালি হয়ে স্পেনে আসেন তিনি। বার্সেলোনায় পণ্য পরিবহনের কাজ করে মাসে ২ হাজার ইউরো আয়ের প্রতিশ্রুতি পেয়েছিলেন।
কিন্তু ইউরোপে আসার জন্য নিজের সব সঞ্চয় ব্যয় করার পর প্রতারণার শিকার হন তিনি। তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। বর্তমানে অনিয়মিত অবস্থায় বসবাস করছেন এবং নিয়োগকর্তার চাপে কাজ করতে বাধ্য হচ্ছেন।
ওমর জানান, মাসে গড়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ ইউরো পান তিনি। দীর্ঘ দূরত্বে ট্রাক চালাতে হয়, বিশ্রামের দিনও খুব কম। বার্সেলোনার উপকণ্ঠে অস্বাস্থ্যকর একটি অ্যাপার্টমেন্টে আরও চারজন চালকের সঙ্গে থাকেন। তাঁর পাসপোর্টও আটকে রাখা হয়েছে।
দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার আশঙ্কা সব সময় কাজ করে বলে জানান তিনি।
ক্লান্তিতে দুর্ঘটনা, ঝুঁকিতে চালকদের জীবন
অভিবাসী শ্রমিকদের শোষণের পাশাপাশি দীর্ঘ কর্মঘণ্টা ও ঘুমের অভাব সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
পর্তুগিজ রেড ক্রসের হোসে ফেলগেইরাস বলেন, দীর্ঘ কর্মঘণ্টা, ঘুমের অভাব, পর্যাপ্ত খাবার না পাওয়া এবং বিশ্রামের দিনের অভাবে শ্রমিকদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ছে।
তিনি জানান, সম্প্রতি আলগার্ভ অঞ্চলে মধ্যপ্রাচ্যের এক চালক ঘুমিয়ে পড়ায় তাঁর ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায়। আরেক ঘটনায় তিউনিসিয়ার এক চালক গভীর রাতে গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ে দুর্ঘটনায় প্রাণ হারান।
সংশ্লিষ্ট সংগঠন ও পুলিশ বারবার সতর্ক করলেও স্পেন ও পর্তুগালে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সুযোগ কাজে লাগাচ্ছে মানবপাচারকারী ও অসাধু নিয়োগকর্তারা।
ইউরোপের পরিবহন খাতে চালকের সংকট পূরণে বিদেশি শ্রমিক নিয়োগ বাড়লেও তাঁদের অধিকার, নিরাপত্তা ও বৈধ কর্মপরিবেশ নিশ্চিত করা না গেলে শ্রমিক শোষণ এবং মানবপাচারের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।



