বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে, চালু নতুন ডিজিটাল ব্যবস্থা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে নতুন ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’। এর মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীরা অনলাইনে ভিসার আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের অগ্রগতি জানতে পারবেন।

রোববার (১৫ নভেম্বর) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। এখন থেকে দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে। পাশাপাশি ভিএফএসের মাধ্যমে আবেদনসংক্রান্ত নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগ থাকবে।

নির্ধারিত দিনে আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ছাড়া নতুন ডিজিটাল পোর্টালে প্রবেশ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন শিক্ষার্থীরা। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে যৌথভাবে আবেদন জমা দেয়ার সুযোগও রাখা হয়েছে।

জার্মান দূতাবাসের আশা, নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে আবেদন যাচাইয়ের সময় কমবে এবং পুরো ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হবে। একইসাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘদিন অপেক্ষার সমস্যাও কমে আসবে। তবে আবেদনকারীর ধরন ও ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।

অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে

নতুন ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো, আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। পুরোনো পদ্ধতিতে যারা ইতোমধ্যে অপেক্ষমাণ তালিকায় নিবন্ধন করেছেন, তাদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

এতে দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে এবং অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করছে দূতাবাস।

যেভাবে আবেদন করবেন

জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

আবেদনের জন্য প্রবেশ করতে হবে:

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে ঢাকায় জার্মান দূতাবাসের ওয়েবসাইটে: www.dhaka.diplo.de

নতুন এ উদ্যোগের ফলে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।