কসোভোর মাধ্যমে ইউরোপের বাজার ধরতে চায় বাংলাদেশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
ইউরোপের বাজারে রপ্তানি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই এবং দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। বিশেষ করে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে কসোভোতে রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।
বাণিজ্যমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময় এবং দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কসোভোর বাণিজ্যিক সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা ইউরোপের বাজারে প্রবেশের সম্ভাবনা খতিয়ে দেখতে পারেন।
এ ছাড়া কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদ ঘিরে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। দেশটির খনিজ খাতে বাংলাদেশি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরির সুযোগ খতিয়ে দেখেন দুই পক্ষ। কৃষি ও সেবা খাতেও সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠকে শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষ একমত হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে কসোভোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বাজার সম্পর্কে তথ্য বিনিময় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য কাঠামো কার্যকর করা জরুরি।



