আমেরিকায় পড়তে যাওয়ার আগ্রহ কমছে বিদেশি শিক্ষার্থীদের
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির হার কমেছে উল্লেখযোগ্যভাবে। চলতি বছরের শরৎ সেমিস্টারে গত বছরের একই সময়ের তুলনায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ। ভিসা আবেদনপ্রক্রিয়ার জটিলতা, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি, ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ ও উচ্চশিক্ষার ব্যয় বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। আমেরিকার ৮০০টির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ২০২৬ সালের শরৎ সেমিস্টারে গত বছরের একই সময়ের তুলনায় সামগ্রিক আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ৯ শতাংশ। আর প্রথমবারের মতো ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৫ শতাংশ।
জরিপ অনুযায়ী, স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ। অন্যদিকে স্নাতক পর্যায়ে কমেছে ৩ শতাংশ। আমেরিকায় সবচেয়ে বেশি শিক্ষার্থী পাঠানো দেশ ভারত থেকেও শিক্ষার্থী ভর্তির হার কমেছে।
ভিসা জটিলতা ও অভিবাসন নীতির প্রভাব
আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে ভিসা আবেদনপ্রক্রিয়ার জটিলতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়গুলো। জরিপে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর ৮৮ শতাংশ ভিসা প্রক্রিয়াকে শিক্ষার্থী কমার কারণ হিসেবে চিহ্নিত করেছে। ৭০ শতাংশ প্রতিষ্ঠান ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ এবং ৪৫ শতাংশ উচ্চশিক্ষার ব্যয় বৃদ্ধির কথা জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। শিক্ষার্থীদের বৈধ অভিবাসন অবস্থা বাতিল, আটক ও বহিষ্কারের ঘটনা এবং অবস্থানের মেয়াদসংক্রান্ত নীতিগত পরিবর্তন উচ্চশিক্ষার জন্য আমেরিকাকে বেছে নেওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওপিটিতেও কমছে অংশগ্রহণ
আমেরিকায় পড়াশোনা শেষে সাময়িকভাবে কাজের সুযোগ পাওয়ার কর্মসূচি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ প্রস্তাব করেছে, ওপিটিতে অংশ নেয়া প্রত্যেক বিদেশি শিক্ষার্থীর জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার ফি দিতে হবে।
প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। তবে আইআইইর জরিপ অনুযায়ী, চলতি শরৎ সেমিস্টারে ওপিটি কর্মসূচিতে অংশগ্রহণের হার কমেছে ৬ শতাংশ। এ কর্মসূচির আওতায় যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার সঙ্গে সম্পর্কিত কাজে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার অনুমতি পান।
বিশ্ববিদ্যালয়গুলোর আয়ে চাপ
বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া টিউশন ফি আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। ফলে শিক্ষার্থী কমে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায়ও প্রভাব পড়ছে।
ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে গত দুই বছরে আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ৪৬ শতাংশ। ২০২৫ সালের শরৎ সেমিস্টারে বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ছিল ১ হাজার ৫৪২ জন। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৮২৮ জনে। এ বছর নতুন ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনেরও কম।
বিশ্ববিদ্যালয়টির প্রভোস্ট নিগামান্থ শ্রীধর জানিয়েছেন, শিক্ষার্থী কমে যাওয়ায় প্রতিষ্ঠানের বাজেটে ২০ লাখ থেকে ৪০ লাখ ডলারের প্রভাব পড়তে পারে।
আমেরিকার অর্থনীতিতেও প্রভাব
আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ায় আমেরিকার অর্থনীতিতে তাদের অবদানও হ্রাস পেয়েছে। নাফসা ও আন্তর্জাতিক শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান জেবি ইন্টারন্যাশনালের যৌথ গবেষণায় দেখা গেছে, চলতি শরৎ সেমিস্টারে বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ায় আমেরিকার অর্থনীতিতে তাদের অবদান কমেছে ২৪০ কোটি ডলার।
বিশেষজ্ঞদের মতে, অভিবাসন নীতির অনিশ্চয়তা, গবেষণার অর্থায়ন নিয়ে উদ্বেগ, উচ্চশিক্ষার ব্যয় এবং অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা বৃদ্ধিও শিক্ষার্থী কমার অন্যতম কারণ।
বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ গন্তব্য এখনো আমেরিকা। তবে নীতিগত অনিশ্চয়তা ও বিভিন্ন বিধিনিষেধের কারণে শিক্ষার্থীরা এখন বিকল্প দেশগুলোর দিকে ঝুঁকছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আমেরিকার উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক শিক্ষার্থী সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।



