কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন পয়েন্ট পদ্ধতি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
কানাডায় স্থায়ীভাবে বসবাসের (PR) সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশি কর্মীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় নতুন পয়েন্ট পদ্ধতি চালু করেছে দেশটির সরকার। ৩ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে উচ্চ বেতনের চাকরির প্রস্তাব থাকা কিংবা কানাডায় উচ্চ বেতনের পেশায় কাজের অভিজ্ঞতা থাকা যোগ্য প্রার্থীরা কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেমে (CRS) অতিরিক্ত ৫০ থেকে ১০০ পর্যন্ত বোনাস পয়েন্ট পেতে পারেন।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (IRCC) জানিয়েছে, যোগ্য প্রার্থীদের এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে নতুন নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত পয়েন্ট যুক্ত হবে। চাকরির প্রস্তাব অথবা কানাডায় অর্জিত কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে এ পয়েন্ট দেয়া হবে। তবে একই প্রার্থী দুই ক্ষেত্রের পয়েন্ট একসাথে পাবেন না। যে পদ্ধতিতে বেশি পয়েন্ট পাওয়ার যোগ্যতা তৈরি হবে, সেটিই বিবেচনায় নেয়া হবে।
নতুন নিয়মে নির্দিষ্ট পেশার জাতীয় মধ্যক বেতনের তুলনায় প্রার্থীর বেতনের পরিমাণ বিবেচনা করে অতিরিক্ত পয়েন্ট নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর কাজের দায়িত্ব ও পেশার ধরন ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন (NOC) অনুযায়ী যাচাই করা হবে।
বেতনের ভিত্তিতে অতিরিক্ত পয়েন্টের তিনটি স্তর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত পেশার মধ্যক বেতনের দ্বিগুণ বা তার বেশি বেতন হলে সর্বোচ্চ ১০০ পয়েন্ট পাওয়া যাবে। মধ্যক বেতনের দেড় গুণ বা তার বেশি হলে মিলবে ৭০ পয়েন্ট। আর মধ্যক বেতনের ১ দশমিক ৩ গুণ বা তার বেশি বেতন হলে পাওয়া যাবে ৫০ অতিরিক্ত পয়েন্ট।
এ ছাড়া কানাডায় আগে থেকে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন যোগ্য প্রার্থীরাও বেতনের স্তর ও কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে ২০ থেকে ৭০ পর্যন্ত অতিরিক্ত পয়েন্ট পেতে পারেন। অন্তত ১২ মাসের যোগ্য কানাডীয় কর্ম-অভিজ্ঞতা থাকলে পেশার বেতনস্তর অনুযায়ী ২০, ৪০ অথবা ৭০ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি কর্ম-অভিজ্ঞতার মেয়াদ অনুযায়ী প্রচলিত সিআরএস পয়েন্টও যোগ হবে।
নতুন নিয়মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, চাকরির প্রস্তাব নতুন অথবা পুরোনো নিয়োগকর্তার কাছ থেকে হতে পারে। একইভাবে নতুন পদ কিংবা আগে থেকেই বিদ্যমান পদে চাকরির প্রস্তাবও বিবেচনায় আসতে পারে। এ ক্ষেত্রে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA) বাধ্যতামূলক নয়। এমনকি এলএমআইএ থাকলেও সেটির ভিত্তিতে আলাদা অতিরিক্ত পয়েন্ট বা প্রোফাইলে অগ্রাধিকার পাওয়া যাবে না।
তবে চাকরির প্রস্তাব অবশ্যই প্রকৃত ও গ্রহণযোগ্য হতে হবে বলে জানিয়েছে আইআরসিসি। নিয়োগকর্তার ব্যবসার বৈধতা, সংশ্লিষ্ট পদে কর্মীর প্রয়োজনীয়তা, বেতন ও নিয়োগের শর্ত পূরণের সক্ষমতা এবং আবেদনকারীর কাজের যোগ্যতা যাচাই করা হবে। ভুয়া চাকরির প্রস্তাব বা তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।
এদিকে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর আগে থেকে জমা দেয়া এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলগুলোর সিআরএস স্কোরও স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে। এ সময় নতুন করে আবেদনকারীদের আমন্ত্রণপত্র দেয়ার ড্র সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে আইআরসিসি।
অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন এ পদ্ধতিতে অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ তৈরি হলেও শুধু উচ্চ বেতনের চাকরির প্রস্তাব থাকলেই কানাডায় স্থায়ী বসবাসের নিশ্চয়তা মিলবে না। আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা, কর্ম-অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ড্রয়ের সিআরএস কাট-অফ স্কোরও স্থায়ী বসবাসের আমন্ত্রণ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



