ঘূর্ণিঝড় ‘আকভান’: ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬
ভারতের ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব মোকাবিলায় পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি উদ্ধার কার্যক্রমও শুরু করেছে প্রশাসন।
শুক্রবার (২০ নভেম্বর) পুরীতে সেন্ট্রাল রেঞ্জের আইজি সত্যজিৎ নায়েক ইন্ডিয়া টুডেকে জানান, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পুরো অঞ্চলের পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ধার ও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ ও জরুরি সেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। পাশাপাশি নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কয়েকটি জেলায় অন্তঃসত্ত্বা নারীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
সত্যজিৎ নায়েক আরও বলেন, ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার পর ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুতি নিচ্ছে। সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের পুলিশ ও জেলা প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘জিরো ক্যাজুয়ালটি মিশন’ বা প্রাণহানি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন কাজ করছে। ঘূর্ণিঝড়ে যেন কোনো প্রাণহানি না ঘটে, সেটিই এখন কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।
সূত্র: ইন্ডিয়া টুডে



