পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি, ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করার এক দিন পর তাঁকে ‘খুনি’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ট্রাম্পের পুতিনকে বন্ধু হিসেবে অভিহিত করা নিয়ে এক প্রশ্নের জবাবে শুক্রবার সিএনএনকে জেলেনস্কি বলেন, ‘আমাদের কাছে তিনি একজন শত্রু এবং অবশ্যই একজন খুনি। আমি মনে করি, বিশ্বের অধিকাংশ মানুষের কাছেও তিনি একজন খুনি।’
গত বুধবার চীনে ট্রাম্প ও পুতিন বৈঠক করেন। ২০২৫ সালের আগস্টের পর এটিই ছিল তাঁদের প্রথম সাক্ষাৎ। ওই বৈঠকে ট্রাম্প পুতিনকে তাঁর ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। জবাবে রুশ প্রেসিডেন্ট ইংরেজিতে বলেন, ‘আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’
শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে নিজের সুসম্পর্কের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘পুতিনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। এটি খুবই ভালো একটি বিষয়। প্রেসিডেন্ট শির সঙ্গেও আমার দারুণ সম্পর্ক রয়েছে। এটি ভালো দিক, আর এর কারণেই আমাদের দেশ নিরাপদ আছে।’
পুতিনকে আমেরিকার বন্ধু বলে মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আমেরিকার হয়ে কথা বলতে পারব না। তবে আমাদের খুব ভালো সম্পর্ক, যা আমাদের বাড়তি অনেক শক্তি জোগায়।’
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিনের বাহিনী ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে চলমান যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ওয়াশিংটন ছিল কিয়েভের প্রধান সমর্থক। তবে ২০২৫ সালের শুরুতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা ব্যাপকভাবে কমেছে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আমেরিকা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া থেকে ডিজেল আমদানি করেছে দেশটি। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার মধ্যস্থতায় শান্তি আলোচনা চলছে।



